প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাকশ্রমিকরা টায়ারে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং প্রায় আধাঘণ্টা যান চলাচল স্থগিত থাকে। এক পর্যায়ে শ্রমিক আন্দোলন খরতৈল, সাতাইশ, খাঁপাড়া ও রাজনগর বাগানবাড়িতে ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়নসিংহ মহাসড়কের গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় গাড়ির টায়ার ও কাঠখড়ি দিয়ে আগুন জ্বালাতে শুরু করে। পুলিশ তখন বেশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে এবং শ্রমিকদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করে। এরপর আবারও উত্তেজিত শ্রমিকরা দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়ক দখল করে নেয় এবং গাজীপুরা বাসস্ট্যান্ডে ট্র্যাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। উত্তেজিত শ্রমিকরা তুসুকা, মাসকো, সিজন ড্রেসেসসহ বেশ কয়েকটি পোশাক কারখানায় ভাঙচুর চালায়।
এদিকে শ্রমিক আন্দোলন এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবারের জন্য এলাকার পোশাক কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে।
মঙ্গলবার বেলা ১১টা থেকে টঙ্গীর গাজীপুরা, খরতৈল, খাঁপাড়া, সাতাইশ, রাজনগর এলাকার অর্ধশতাধিক কারখানায় এ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার কারখানা ছুটির পরপর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা মহাসড়কের উভয়পাশে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ধাওয়া দিয়ে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে দুপুরে আবারও শ্রমিকরা মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। এতে পুলিশ বাধা দিলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী সাতাইশ রোডের মাসকোটেক্স লিমিটেড কারখানার সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, "শ্রমিক আন্দোলন এড়াতে বেলা ১১টার দিকে কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।"
ছুটি হওয়া কারখানাগুলো হলো-বেইস ফ্যাশন লিমিটেড, টি জে সোয়েটারস লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন সেম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন, বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উইন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, স্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।
এব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, "দুপুরের দিকে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদেরকে তাড়িয়ে দেওয়া হলে দুপুর দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মহাসড়কে যান চলাচল শুরু করে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন