প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পায়ের জাদু দিয়ে প্রতিপক্ষকে পরাজিত করতে অভ্যস্ত লিওনেল মেসি এবার ভিন্ন এক রূপে হাজির হয়েছেন। দুর্দান্ত একটি হেডারে গোল করার পাশাপাশি তিনি একটি অ্যাসিস্টও প্রদান করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তার অসাধারণ নৈপুণ্যে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে পরাজিত করে ক্যাম্পেওনেস কাপের শিরোপা জয় করেছে ইন্টার মায়ামি।
ঘরের মাঠ ন্যু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ ক্রস থেকে হেড দিয়ে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ৩৯ বছর বয়সী মেসি। ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর এটি মেসির প্রথম হেডে করা গোল কোনো ফাইনালে।
এই গোলের মাধ্যমে মায়ামির জার্সিতে মাত্র ১১৪ ম্যাচে ১০০ গোল পূর্ণ করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। কোনো ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করতে এটি মেসির সবচেয়ে কম ম্যাচের কীর্তি।
দ্বিতীয়ার্ধেও গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। ৫৫ মিনিটে সুয়ারেজের পাস থেকে তার চিপ শট জালে প্রবেশ করলেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ম্যাচের ৮১ মিনিটে আবারও মায়ামির গোলের উৎস হয়ে ওঠেন তিনি। মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।
মায়ামির হয়ে কাসেমিরোর করা চার গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি।
শুধু আক্রমণভাগ নয়, মায়ামির জয়ের পেছনে বড় অবদান ছিল গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারেরও। ক্রুজ আজুলের একের পর এক আক্রমণ সামলে অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে দলকে ক্লিনশিট এনে দেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সের কারণেই শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) চ্যাম্পিয়ন ও মেক্সিকোর লিগা এমএক্সের চ্যাম্পিয়নের মধ্যে ২০১৮ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এক ম্যাচের বার্ষিক প্রতিযোগিতা ক্যাম্পেওনেস কাপ। সেই আসরেই এবার মেসির নেতৃত্বে শিরোপা ঘরে তুলল ইন্টার মায়ামি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন