প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন যে, দেশের মৎস্যসম্পদের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানি বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তিনি এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
আজ মৎস্য ভবনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
এক সময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। এ খাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, সে বিষয়ে পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করা আবশ্যক। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে। শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানি প্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।
নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।
মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে, তাহলে মৎস্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি করা সম্ভব হবে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী প্রতিনিধি, কোস্ট গার্ড প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন