প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কঠিন চীবর দান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অন্যতম শ্রেষ্ঠ ও পবিত্র ধর্মীয় উৎসব, উদযাপন করা হয়েছে সাভারের বনবিহারে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই বৃহৎ ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী বনবিহারে বৌদ্ধ ধর্মীয় গুরুদের প্রার্থনা ও অর্চনার মাধ্যমে শুরু হয় দিনব্যাপী ২২তম কঠিন চীবর দান উৎসব। সকাল থেকে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বনবিহারে অংশগ্রহণ করতে আসেন। পুরো বনবিহার প্রাঙ্গণ ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে।
আয়োজকদের দাবি, বর্তমান সরকারের সময়ে এত বড় পরিসরে এই উৎসব উদযাপন ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সকালে প্রার্থনা ও ধর্মীয় অর্চনা শেষে বিশেষ আলোচনা ও ধর্মীয় উপদেশ প্রদান করা হয়। এ সময় বৌদ্ধ ধর্মীয় গুরুদের বক্তব্যে মানবকল্যাণ, ত্যাগ, সংযম, শান্তি ও সম্প্রীতির বার্তা উঠে আসে।
কঠিন চীবর দানের প্রচলিত রীতি অনুযায়ী, বৌদ্ধ ধর্মের অনুসারীরা সারা বছর জুড়ে দান করলেও কঠিন চীবর দান তাদের কাছে সবচেয়ে পবিত্র দান হিসেবে বিবেচিত হয়। এ দানে অংশ নিতে ভক্তরা বর্ষাবাস বা তিন মাসের বর্ষাব্রত সমাপ্ত করেন। এরপর এ অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘকে দান করেন চীবর (পরধেয় বস্ত্র)।
বৌদ্ধ ভিক্ষুসংঘকে চীবর দান করার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে তুলা থেকে সুতা তৈরি করা হয় এবং সেই সুতা দিয়ে কাপড় বুনে চীবর প্রস্তুত করা হয়। পরবর্তীতে তা ধর্মীয় গুরুদের হাতে দান করা হয়। এই বিশেষ দানের মধ্য দিয়েই পূর্ণতা পায় উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় আনুষ্ঠানিকতা।
আজ বিকেলে ধর্মীয় এ উৎসবের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য ও পার্বত্য বিষয়ক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
এ সময় কঠিন চীবর দান উৎসব সুন্দরভাবে উদযাপনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন,
"বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি বজায় রাখতে বর্তমান সরকারের আন্তরিকতা রয়েছে। এমন পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন অসাম্প্রদায়িক বাংলাদেশের ইতিবাচক দৃষ্টান্ত।"
অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়ে অন্যান্য অতিথিরাও বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান ডা. স্বপন কুমার চাকমা এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি শ্রী সুভাষ চাকমা।
দিনব্যাপী ধর্মীয় আনুষ্ঠানিকতা ও চীবর দান শেষে সন্ধ্যায় ধর্মীয় গুরুদের বিশেষ প্রার্থনার মাধ্যমে এবারের কঠিন চীবর দান উৎসবের সমাপ্তি ঘটে। ধর্মীয় এ উৎসব আবারও স্মরণ করিয়ে দেয়—শান্তি, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধই পারে সব ধর্মের মানুষকে একই বন্ধনে আবদ্ধ করতে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন