প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রী রিনা বেগমকে (৩২) শ্বাসরোধে হত্যার অভিযোগে পুলিশ মো. সুমন সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার মো. সুমন সরকারের বসতঘরে তার স্ত্রী রিনা বেগমের মরদেহ পড়ে থাকার খবর পায় গজারিয়া থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে।
নিহত রিনা বেগম উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মো. ইব্রাহিমের কন্যা। প্রায় ১৭ বছর আগে সুমন সরকারের সঙ্গে তার বিবাহ হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় রং মিস্ত্রি।
পুলিশের প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সুমন ও রিনার মধ্যে প্রায়ই কলহ হতো। এর আগে সুমন তার স্ত্রীকে একাধিকবার মারধর করেছেন বলেও জানা যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে সুমন বাড়িতে এসে স্ত্রীকে খাবার দিতে বলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে রাত ১০টার দিকে রিনা তার মেয়েকে নিয়ে একটি ছোট কক্ষে ঘুমিয়ে পড়েন। সুমন পাশের কক্ষে ঘুমান। রাত আনুমানিক ১টার দিকে সুমন স্ত্রী যে কক্ষে ঘুমাচ্ছিলেন সেখানে গিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এরপর তিনি বাড়িতে অবস্থান করেন এবং ফজরের নামাজের সময় পাশের মসজিদে নামাজ আদায় করে কুমিল্লার দিকে চলে যান।
এরপর তিনি কুমিল্লার বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অবস্থান করেন বলে জানা যায়। গজারিয়া থানা পুলিশের একটি দল তাকে অনুসরণ করতে থাকে। পরে তিনি ঢাকার দিকে রওনা হলে গজারিয়া থানা পুলিশের অপর একটি দল টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন (২৩) বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর গজারিয়া থানায় মামলা করেছেন। গ্রেপ্তার মো. সুমন সরকার (৪০) গজারিয়া থানার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার বাছেদ সরকারের ছেলে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন