প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রামের সব নদ-নদীতে, ব্রহ্মপুত্রসহ, চলছে নাব্যতা সংকট। এর ফলে নৌপথে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তির মাত্রা বৃদ্ধি পাচ্ছে। নদীর পানি কমে যাওয়ার পাশাপাশি জেগে ওঠা বালুচরের কারণে প্রায় পাঁচ লাখ মানুষ চরের দুর্ভোগে পড়েছে।
এদিকে, নাব্যতা সংকটের কারণে শতাধিক নৌঘাট বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে।
সম্প্রতি কুড়িগ্রাম সদর উপজেলায় ব্রহ্মপুত্রের তীরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা গেছে, নাব্যতা সংকটের কারণে আগের ঘাটগুলো স্থানান্তরিত হয়ে অন্য জায়গায় চলে গেছে। এক সময়ের প্রমত্ত ব্রহ্মপুত্রের বুকে এখন অসংখ্য বালুচর দেখা যাচ্ছে। এর ফলে শীর্ণ হয়ে আসা নদীপথে মাঝেমধ্যে নৌকা আটকে যাচ্ছে।
স্থানীয়দের মতে, যাত্রাপুর ঘাট থেকে বিভিন্ন চরে যেতে এখন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ঘাটটি অন্য জায়গায় সরে যাওয়ায় সময় ও অর্থের ব্যয় বেড়ে গেছে। মূল ভূখণ্ড থেকে নৌঘাটে পৌঁছাতে মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে। পণ্য ও রোগী পরিবহন নিয়ে সৃষ্টি হচ্ছে অচলাবস্থা।
একই অবস্থা দেখা যাচ্ছে ধরলা, তিস্তা এবং দুধকুমারসহ সব নদ-নদীতে। এর ফলে জেলা ও উপজেলা সদরসহ মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগ রাখতে চরের পাঁচ লাখ মানুষকে হিমশিম খেতে হচ্ছে।
যাত্রাপুর ঘাটে গিয়ে নারায়ণপুর চরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হলে তারা জানান, চর জেগে ওঠার কারণে যাত্রাপুর নৌঘাট প্রায় এক কিলোমিটার দূরে সরে গেছে। পায়ে হেঁটে বা গাড়িতে যেতে হচ্ছে ঘাটে। এই ঘাটের সঙ্গে যোগাযোগ রয়েছে অন্তত ৫০টি ছোট-বড় নৌঘাটের। প্রতিদিন পাঁচ শতাধিক নৌকা এই ঘাট দিয়ে চলাচল করত, কিন্তু নাব্যতা কমে যাওয়ার কারণে নৌকার সংখ্যা অর্ধেকে নেমে এসেছে।
নারায়ণপুরের বাসিন্দা শামসুল ইসলাম খন্দকার জানান, নদীপথে চর জেগে ওঠার কারণে বর্তমানে নারায়ণপুরে আড়াই ঘণ্টা সময় লাগছে। তাও ঘাটে যেতে পারে না নৌকা। ফলে দীর্ঘ বালুপথ পায়ে হেঁটে অথবা মোটরসাইকেলে করে আসা-যাওয়া করতে হচ্ছে।
এছাড়া যাত্রাপুর নৌঘাট থেকে বাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি অথবা পায়ে হেঁটে যেতে হচ্ছে। এতে জেলা সদরে গিয়ে অফিস-আদালতের কাজ সময়মতো করা সম্ভব হচ্ছে না। তাছাড়া জরুরি কাজে নৌকা রিজার্ভ করতে এক হাজার ৫০০ টাকা খরচ হচ্ছে।
শামসুল ইসলাম আরও জানান, যাত্রাপুর ঘাট থেকে ভগবতীপুর, রলাকাটা, অষ্টআশিরচর, কালির আলগা, চিড়াখাওয়া, গোয়ালপুরিসহ বেশ কয়েকটি চরে সরাসরি নৌকায় যেতে অন্য সময়ের তুলনায় দ্বিগুণ সময় লাগছে। নাব্যতা সংকটের নেতিবাচক প্রভাবে প্রায় শতাধিক নৌঘাট বন্ধের উপক্রম হয়েছে। ফলে কয়েক হাজার মাঝি ও জেলে বেকার হয়ে পড়েছে।
নৌকার মাঝিরা বলছেন, পারাপারে সময় ও অর্থ বেশি ব্যয় হওয়ায় তাদের আয় কমে গেছে। পণ্য পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
যাত্রাপুর ঘাটে নৌকার যাত্রী নাজমুল হক জানান, নৌরুটে চর পড়া ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে প্রত্যেক রুটে নৌকা ভাড়া ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে।
কালির আলগা চরের বাসিন্দা মাসুদ রানা জানান, চরে যাওয়ার জন্য সারা দিনে একটি নৌকা পাওয়া যাচ্ছে, তাও সময় ও ভাড়া বেশি লাগছে। বিআরটিসির মতো সরকারিভাবে নৌকা চলাচল করলে চরের দরিদ্র মানুষের জন্য অনেক সুবিধা হবে।
যাত্রাপুর নৌঘাটে কয়েকজন নৌকার মাঝির সঙ্গে কথা হলে ফরিদুল ইসলাম ও জহুরুল জানান, পানি কমে যাওয়ার কারণে ও ডুবোচর জেগে ওঠায় তাদের অনেক ঘুরে যেতে হচ্ছে। এতে সময় ও ডিজেল খরচ বেড়ে যাচ্ছে, নৌকার ফ্যান ভাঙছে। খরচ বেড়ে যাওয়ায় যাত্রী সংখ্যা কমে গেছে।
নৌকার মালিক আব্দুস সামাদ বলেন, যাত্রাপুর থেকে দৈ খাওয়ার চরে আগে ৪৫ মিনিট সময় লাগত, কিন্তু এখন লাগে আড়াই ঘণ্টা। পরিবহন সমস্যার কারণে এখন চর থেকে তেমন মালামাল আসছে না। ফলে অনেক নৌকার মাঝি, ঘোড়ার গাড়ির মালিক এবং কুলি বেকার হয়ে পড়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানান, নদ-নদীতে ড্রেজিং করার আপাতত কোনো পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে ব্রহ্মপুত্র-যমুনায় খননের জন্য মেগা প্রকল্প নেওয়ার সম্ভাবনা রয়েছে। এরকম প্রকল্প হলে নাব্যতা সংকট থাকবে না এবং যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন