প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কুয়াকাটায় সংবাদ প্রকাশের কারণে দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি কে এম বাচ্চুর ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। এই হামলার ফলস্বরূপ দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে গুরুতর আহত করে। বর্তমানে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাতে সাড়ে ১১টার দিকে হোটেল সৈকতের সামনে সমুদ্রসৈকতে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সৈকতের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাতের অন্ধকারে কে এম বাচ্চুর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় লতাচাপলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাইজিদ রানা এবং কুয়াকাটা পৌর যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক হারুন মুসল্লির নেতৃত্বে আরও পাঁচ থেকে ছয়জন অংশ নেন বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার মাথা ও দুই পায়ে ধারাবাহিকভাবে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেছেন, 'হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছে। ঘটনা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
এ ঘটনায় কুয়াকাটাসহ গোটা জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী সাংবাদিক জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন