প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় নোলো নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও শক্তিশালী ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে দ্বীপটির বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়ে গেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নোলো প্রায় ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ নিয়ে দ্বিতীয় শ্রেণির ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করছিল। পূর্বাভাসে বলা হয়েছে, এটি আরও শক্তিশালী হয়ে বড় ধরনের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্থলভাগে সরাসরি আঘাত হানার সম্ভাবনা কমেছে।
আবহাওয়াবিদদের মতে, নোলোর বাইরের মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। বিগ আইল্যান্ডের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ৮ থেকে ১২ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও এটি ১৬ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও, কিছু স্থানে ৬ ইঞ্চি পর্যন্ত হতে পারে।
মাউই দ্বীপে ৪ থেকে ৬ ইঞ্চি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ ৮ ইঞ্চি পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির ফলে পাহাড়ি ও ঢালু এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি সবচেয়ে বেশি।
নোলোর আগেই হাওয়াইয়ের ওপর দিয়ে লালা ও লওয়েল নামের দুটি ঘূর্ণিঝড় বয়ে গেছে। এর ফলে অনেক বাসিন্দা এখনও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি। বিগ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলের নালেহু এলাকার বাসিন্দারা জানিয়েছেন, আগের ঝড়ের পর অনেক পরিবার এখনও ঘরবাড়ি মেরামত ও পুনর্গঠনের কাজ করছেন। অনেকের কাছে প্রয়োজনীয় খাবার ও পানির অভাব রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একজন মন্তব্য করেন, "আগের ঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার কাজ মাত্র শুরু হয়েছে। এর মধ্যেই আরও একটি বড় ঝড়ের মুখোমুখি হওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।" তিনি আরও জানান, "পুরোপুরি পুনরুদ্ধারে কয়েক বছর লেগে যেতে পারে।"
ঝড়ের আশঙ্কায় বিগ আইল্যান্ডের বিভিন্ন স্থানে দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে এবং অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বাসিন্দারা ঘরের আশপাশের জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন, দরজা-জানালা শক্ত করে বাঁধছেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করছেন।
বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। হাওয়াই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং কয়েকশ জাতীয় রক্ষীবাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। বিগ আইল্যান্ডে ১২০ জনের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
এদিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। কারণ ঝড়ের প্রভাবে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
নোলোর প্রভাবে বিগ আইল্যান্ডের উপকূলে বড় ও শক্তিশালী ঢেউ তৈরি হতে পারে। দ্বীপটির দক্ষিণ ও পূর্ব উপকূলসহ মাউই ও মোলোকাইয়ের কিছু এলাকায় উচ্চ ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া কর্তৃপক্ষ নোলোর সঙ্গে টর্নেডো ও সমুদ্রের ওপর শক্তিশালী জলস্তম্ভ তৈরির আশঙ্কার কথাও জানিয়েছে।
এদিকে হাওয়াইয়ের পরিস্থিতির পাশাপাশি মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপের দিকে ঘূর্ণিঝড় পোলো এগোচ্ছে। শনিবার এটি তৃতীয় শ্রেণির ঘূর্ণিঝড় হিসেবে ঘণ্টায় প্রায় ১৯৩ কিলোমিটার বেগের বাতাস নিয়ে অবস্থান করছিল। সোমবার উপদ্বীপে পৌঁছানোর আগে এটি কিছুটা দুর্বল হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
মেক্সিকোর সান হুয়ানিকো নামের একটি ছোট উপকূলীয় জনপদে ঝড়টি নিয়ে উদ্বেগ বেশি। সেখানে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে নিয়মিত সমস্যা থাকায় ঝড়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি পরিস্থিতিতে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সূত্র: দ্য এনবিসি নিউজ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন