প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরের সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার সময় গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। পরে পুলিশের অভিযান চালিয়ে জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশে ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ৯২ আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে অবস্থিত সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চে এই চুরির ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১ অক্টোবর রাত ১২টা ৩ মিনিটের পর গির্জার দোতলার উন্মুক্ত স্থান থেকে ঘণ্টাটি চুরি করা হয়। এর আগে থেকেই গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল।
ঘটনার খবর পাওয়ার পর শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য একাধিক দল অভিযান শুরু করে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম আজকের পত্রিকাকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে। চোরাই মালামাল উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক দল অভিযান চালাচ্ছে।
ওসি আরও বলেন, পুলিশের তৎপরতার মধ্যে চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে ২ অক্টোবর রাত ২টা ৫০ মিনিটে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।
সিসিটিভি রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টি তদন্তে গুরুত্ব পাচ্ছে বলে জানালেন ওসি আবদুল হালিম। তিনি বলেন, রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধ ছিল। কেন এবং কীভাবে সেটি বন্ধ হলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
চোর বা চোরদের শনাক্ত করার জন্য আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি তথ্য সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার হওয়া পিতলের ঘণ্টাটি বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন