প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটি, ৩১ অক্টোবর, ২০২৬ : জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ও বিকালে দুই পর্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান এমপি।
কঠিন চীবর দান উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়, যার মধ্যে বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান এবং পঞ্চশীল প্রার্থনা অন্তর্ভুক্ত ছিল।
দুপুরে গোটা বিহার প্রাঙ্গণে ভগবান বুদ্ধের জয়ধ্বনি দিয়ে কঠিন চীবর ও কল্পতরু প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে অগণিত পূণ্যার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, ফলে পুরো বিহার এলাকা মুখর হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চন্দ্র চাকমা, সাবেক মূখ্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি রমেশ চাকমা, তক্ষশীলা বনবিহার পরিচালনা কমিটির সভাপতি মিরন খীসা, সাবেক বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমা প্রমুখ।
ধর্মীয় অনুষ্ঠানে ভগবান বুদ্ধের অমৃতময় বাণীর ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞা তিষ্য ভিক্ষু, মৈত্রী বিহারের ভদন্ত শীলা নন্দ মহাস্থবির এবং রাজ বিহারের ভিক্ষু ভদন্ত শীলপাল মহাথেরো।
উল্লেখ্য, কঠিন চীবর দান ভগবান বুদ্ধের সময়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে বেইন বুনে কঠিন চীবরে পরিণত করে দান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন