প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে হাসিবুল ইসলাম অপু নামে এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে থেকে তাকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী। সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ারের ভিডিও কল আসে।
পরে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
হাসিবুল ইসলাম অপু বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাবা শাহজাহান মিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সেকশন অফিসার। তাদের বাসা বিশ্ববিদ্যালয়ের পামবাগান-সংলগ্ন এলাকায় অবস্থিত।
হাসিবুল জানান, টিউশন শেষ করার পর অসুস্থ বোধ করায় তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিজ্ঞান অনুষদের টিচার্স লাউঞ্জের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী তাকে আটক করেন।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি সম্প্রতি বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তবে ছাত্রলীগের সঙ্গে সাংগঠনিক সম্পৃক্ততার কথা তিনি অস্বীকার করেন। তাকে মারধর করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া এ বিষয়ে বলেন, হাসিবুল রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে সন্দেহভাজন মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
ইসহাক ভূঁইয়া আরও জানান, হাসিবুল এর আগে ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তার মুঠোফোনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি আবরার শাহরিয়ার ভিডিও কল দেন বলেও জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহজালাল বাদশা বলেন, পুলিশ আসবে। পুলিশের কাছে সোপর্দ করে দেব। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
একই দিনে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আরও এক শিক্ষার্থীকে আটক করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আটক শিক্ষার্থী মুনতাসির মারজু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে প্রক্টরিয়াল বডির মাধ্যমে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন