প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মারা গেছেন রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ। সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স ছিল ৭৭ বছর মৃত্যুর সময়।
হারুনুর রশীদ আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঁচবারের সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি হিসেবেও কাজ করেছেন। এছাড়াও, তিনি জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
আন্তর্জাতিক ফুটবল প্রশাসনে তার পদচারণা ছিল উল্লেখযোগ্য। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) নির্বাহী কমিটির সদস্য ছিলেন। ক্রীড়াঙ্গনে তার অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার এবং এএফসির মর্যাদাপূর্ণ গোল্ডেন অ্যাওয়ার্ড লাভ করেন।
বিশিষ্ট এই সংগঠক দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে কিছুদিন আগে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশের ফুটবলাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এটিকে ক্রীড়া পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে বলেন, ‘মরহুম হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক অভিজ্ঞ, দূরদর্শী ও নিবেদিতপ্রাণ অভিভাবক। তার এই প্রয়াণ ক্রীড়া পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার আজীবন কর্মনিষ্ঠা ও ক্রীড়া উন্নয়নমূলক অবদান ক্রীড়ামোদী মানুষের হৃদয়ে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন