প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার প্রতিনিধি
অনলাইন ভার্সন
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে ব্যবসা পরিচালনার জন্য অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বিচ ম্যানেজমেন্ট কমিটি। বালিয়াড়িতে পরিচালিত সমস্ত সাময়িক ব্যবসার জন্য প্রদত্ত কার্ড বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী অর্থবছর থেকে নতুন করে কোনো সাময়িক কার্ড নবায়ন করা হবে না, এই সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য প্রকাশ করেছে বিচ ম্যানেজমেন্ট কমিটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সুপ্রিম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১-এর আদেশ অনুসারে এবং সাময়িক কার্ডের শর্ত লঙ্ঘন করার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পরিবেশ অধিদপ্তর ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে সমুদ্রসৈকতের বালিয়াড়িতে পরিচালিত সাময়িক ব্যবসা বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিচ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এবং কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, সমুদ্রসৈকতের কোনো অংশে নতুন করে আর কোনো সাময়িক ব্যবসার কার্ড দেওয়া হবে না। বর্তমানে ইস্যু করা কার্ডগুলোর মেয়াদ ৩০ জুন ২০২৬ পর্যন্ত থাকবে। এরপর ২০২৬–২৭ অর্থবছরের জন্য এসব কার্ডের নবায়ন হবে না।
জেলা প্রশাসন জানায়, এ বিষয়ে গত ১ জুন চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বালিয়াড়িতে গড়ে ওঠা অস্থায়ী দোকান এবং অন্যান্য স্থাপনার জন্য সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। কাজেই, সকল সাময়িক ব্যবসায়ীকে দ্রুত নিজেদের উদ্যোগে দোকান এবং অন্যান্য স্থাপনা অপসারণের জন্য আহ্বান জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, সমুদ্রসৈকতের পরিবেশ এবং প্রাকৃতিক বালিয়াড়ি সংরক্ষণের জন্য এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন