প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বগুড়া শহরের গোদারপাড়া এলাকায় একটি ময়লার ভাগাড়ে পড়ে থাকা একটি বস্তা থেকে স্থানীয়রা ৫০০ ও ১ হাজার টাকার নোট কুড়িয়ে নিয়েছেন। পরে দেখা যায়, এসব নোটের পেছনে ইংরেজিতে লেখা রয়েছে ‘অনলি ফর শুটিং’। পুলিশ জানিয়েছে, এগুলো শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি করা নোট।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু নোট ও একটি বান্ডিল আলামত হিসেবে জব্দ করেছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, সকালে ময়লার ভাগাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে কয়েকজন সেখানে যান। বস্তার ভেতরে টাকার বান্ডিল দেখে তারা প্রথমে এগুলো আসল টাকা বলে মনে করেন। পরে খবর ছড়িয়ে পড়লে আরও অনেকে সেখানে জড়ো হয়ে বস্তা থেকে নোট কুড়িয়ে নেন।
বাসিন্দা হাবিবুর রহমান বলেন, বস্তার ভেতরে বিপুল পরিমাণ নোট ছিল। পরে নোটগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা দেখতে পেয়ে স্থানীয়রা বুঝতে পারেন যে এগুলো আসল টাকা নয়।
আরেক বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বস্তাটিতে বিপুল পরিমাণ নোট ছিল। স্থানীয়দের কেউ কেউ এর পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে দাবি করেছেন। তবে পুলিশ এত বিপুল পরিমাণ নোট থাকার বিষয়টি নিশ্চিত করেনি।
মোহাম্মদ বিপুল নামে আরেক বাসিন্দা বলেন, বস্তা থেকে নোট পাওয়ার পর অনেকেই এগুলো আসল টাকা মনে করে নিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা শুরু হয়। স্থানীয়দের যাতে কোনো ধরনের হয়রানি বা সমস্যায় না পড়তে হয়, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫০০ ও ১ হাজার টাকার ছেঁড়া নোট পড়ে থাকতে দেখে। সেখান থেকে একটি বান্ডিলসহ কয়েকটি নোট আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে।
তিনি জানান, নোটগুলো পরীক্ষা করে দেখা গেছে, এর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা রয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) সদস্যদের ধারণ করা ভিডিওতেও একই লেখা দেখা গেছে।
নোটের পরিমাণ সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এর সঠিক হিসাব এখনো পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের অনেকে নোট নিয়ে চলে যান। এ ছাড়া পড়ে থাকা নোটগুলোর বেশির ভাগই ছেঁড়া ছিল।
এসব নোট কে বা কারা সেখানে ফেলে গেছে এবং এর পেছনে কোনো উদ্দেশ্য বা চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। জড়িত কাউকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের হাতে চলে যাওয়া নোট বাজারে ব্যবহারের বিষয়ে ওসি বলেন, নোটগুলোর পেছনে ‘অনলি ফর শুটিং’ লেখা থাকায় সাধারণ মানুষ সচেতন থাকলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম। তারপরও বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
এদিকে, শুটিংয়ের কাজে ব্যবহারের জন্য তৈরি বিপুল পরিমাণ এসব নোট কীভাবে গোদারপাড়ার ময়লার ভাগাড়ে এলো, কে বা কারা সেগুলো সেখানে ফেলে গেছে এবং এর কতটা স্থানীয়দের হাতে চলে গেছে—এসব বিষয়ে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন