প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৬ : জেলার ফতুল্লার একটি ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।
এ ঘটনায় পুলিশ কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য।
গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ফতুল্লার ইসদাইর এলাকায় অবস্থিত ‘রতন ডাইং’ কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ শ্রমিকদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শ্রমিকদের মধ্যে একজনের নাম পাশা (৪০) এবং অন্যজনের নাম রঞ্জিত (৪৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে রতনের মালিকানাধীন কারখানাটিতে বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ফতুল্লা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বাসসকে বলেন, দগ্ধ অবস্থায় দুই রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়ের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বাসসকে জানান, বিস্ফোরণের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ওই কারখানা পরিদর্শন করেছে। সম্পূর্ণ তদন্তের পর এ ঘটনার বিস্তারিত জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন