প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের জন্য আয়োজন করা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব নিজে বক্তব্য থামিয়ে এক নবীন শিক্ষার্থীকে কথা বলার সুযোগ করে দেন।
বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত টিএসসি ভবনের অডিটোরিয়ামে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে বক্তব্য দিতে ওঠেন হাবিবুর রহমান হাবিব। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রশ্ন রাখেন, আপনারা ছাত্রদলের কাছে কী প্রত্যাশা করেন, কেমন ছাত্ররাজনীতি চান? তার এই বক্তব্যের পরপরই এক নবীন শিক্ষার্থী মঞ্চে উঠেন। সঙ্গে সঙ্গে হাবিব নিজে তার স্থান ছেড়ে তাকে কথা বলার সুযোগ দেন।
নবীন শিক্ষার্থীটি ছাত্রদল নেতার কাছে তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন সিট বাণিজ্য, দখলদার, চাঁদাবাজি, নেতাবাজি, অপসংস্কৃতি, এবং অপরাজনীতি হয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেন তা না হয়।
এরপর পুনরায় বক্তব্য শুরু করেন ছাত্রদল নেতা হাবিব। তিনি বলেন, আমাদের বিশ্বাস ‘আমি’ থেকে ‘আমরা’ এই দর্শনেই এগিয়ে যাবে আমাদের পথচলা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের একটি প্রতিশ্রুতি দিতে চাই, ছাত্রদল এমন কোনো কাজ করবে না যাতে আপনাদের আতঙ্কিত হতে হয়। ছাত্রদল এমন কিছু করবে না যাতে আপনাদের ভয় লাগে। ছাত্রদল এমন কিছু করবে না যাতে আপনাদের আমাদের এড়িয়ে চলতে হয়। আমরা এমন রাজনীতি করতে চাই, যা আপনাদের আস্থা অর্জন করবে, আপনাদের পাশে থাকবে এবং আপনাদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ওরিয়েন্টেশন উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ফোল্ডার, নোটবুক, কলম এবং অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন