প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছিল। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড় ছিল, এবং উপস্থিত ছিলেন কাজিও। এ সময় এক তরুণী, যিনি বোরকা পরিহিত ছিলেন, বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টির অস্বাভাবিক গন্ধ পেয়ে বর সন্দেহে পড়েন। পরে ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতল দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবশেষে বর বিয়ে না করেই বাড়ি ফিরে যান।
স্থানীয় লোকজনের বক্তব্য, কনের বরকে পছন্দ হয়নি। এজন্য কনের বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।
বুধবার সন্ধ্যায় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।
বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকাল ৩টার দিকে তারা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন এবং তিনি নিজেও বরের পাশে বসেছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, "এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।"
তিনি আরও বলেন, "বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, "সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামে এক যুবক জরুরি বিভাগে আসেন। তার স্বজনরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।"
স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, "এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন