প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর মৌজায় নিলামে বিক্রি হওয়া ৪১ শতাংশ জমির মধ্যে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি বাংলাদেশ ব্যাংক ৬ ক্রেতার কাছে হস্তান্তর করেছে।
আজ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে কমিশনের মাধ্যমে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জমির নিবন্ধন ও হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করা হয়।
বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে ধর্মপুর মৌজার ৪১ শতাংশ জমি বিক্রি করা হয়। সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন যুগ্ম জেলা ও দায়রা জজ নিলাম কার্যক্রম পরিচালনা করেন। সর্বোচ্চ দরদাতাদের কাছে জমিটি বিক্রি করা হয়।
তবে, নিলামের পর একজন অবৈধ দখলকারী নিলামে বিক্রি হওয়া জমির ৬ দশমিক ৫০ শতাংশের ওপর মামলা দায়ের করেন। এই পরিস্থিতিতে, সর্বোচ্চ দরদাতাদের জন্য জমির নিবন্ধন সম্পন্ন করার জন্য বাংলাদেশ ব্যাংক হাইকোর্টের অনুমতি চায়।
এর পরিপ্রেক্ষিতে, গত ৭ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ এক আদেশে জমির নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেয়। ওই আদেশের সত্যায়িত অনুলিপি গত ২২ সেপ্টেম্বর জারি করা হয়। আদালতের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আজ ৬ ক্রেতার কাছে ৩৪ দশমিক ৫০ শতাংশ জমি হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া। সাতকানিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার জমির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
প্রধান অতিথি জমি বিক্রয় ও হস্তান্তরের এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, কমিশনের মাধ্যমে জমি বিক্রির এই কার্যক্রম অবলুপ্ত মহালক্ষ্মী ব্যাংক লিমিটেডের চলমান অবসায়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৬ জুলাই হাইকোর্ট বিভাগের এক আদেশে বাংলাদেশ ব্যাংককে ১৭টি অবলুপ্ত ব্যাংকের সরকারি অবসায়ক (অফিশিয়াল লিকুইডেটর) হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী সময়ে ১৯৭৮ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগের নির্দেশনার ৭ নম্বর ধারায় জমি বিক্রয় ও তহবিল ব্যবস্থাপনা সহ অবসায়ন-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অবসায়ককে নির্দেশনা প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন