প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তের ১৮টি পাড়ার বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে (বিজিবি)। একই সঙ্গে ৫০ জনের বেশি শিশুকে বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এই উদ্যোগ গ্রহণ করে।
গত ১১ নভেম্বর বুধবার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক সীমান্ত এলাকায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ সহযোগিতায় মেডিকেল ক্যাম্পেইনটি পরিচালিত হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মদক এলাকার ১৮টি পাড়ায় বসবাসরত শূন্য থেকে ১১ বছর বয়সী ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হাম-রুবেলা, টাইফয়েডসহ বিভিন্ন প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষের মধ্যে ৭৫ থেকে ৮০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্তের প্রত্যন্ত জনপদে বসবাসরত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন