প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৮ সালে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা কোপা আমেরিকা আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে নতুন একটি চমক রয়েছে। পূর্বের ফরম্যাটের পরিবর্তে ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) বুধবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
ঘোষিত সূচি অনুযায়ী, কোপা আমেরিকার ৪৯তম আসর শুরু হবে ২০২৮ সালের ৯ জুন এবং শেষ হবে ৯ জুলাই। আয়োজক হিসেবে কনমেবল আবারও যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছে। এর আগে ২০১৬ এবং ২০২৪ সালে এই মহাদেশীয় প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল।
এবারের আসরে কনমেবলের ১০টি দলের পাশাপাশি অংশগ্রহণ করবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ছয়টি দল। ফলে মোট ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। কনকাকাফের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের পারফরম্যান্সের ভিত্তিতে মূল আসরে জায়গা করে নেবে। গোল্ড কাপ অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১৭ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত।
কনমেবল জানিয়েছে, মাঠের পারফরম্যান্স ও ক্রীড়া-যোগ্যতার ভিত্তিতে ছয়টি দল বাছাই করা হবে। এই সিদ্ধান্তটি দুই মহাদেশীয় ফুটবল সংস্থার কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রকে আয়োজক হিসেবে বেছে নেওয়ার পেছনে অর্থনৈতিক ও অবকাঠামোগত সুবিধা রয়েছে। ২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতির কারণে দেশটির বিভিন্ন শহরে আধুনিক ও সংস্কার করা স্টেডিয়াম রয়েছে। ফলে বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোও প্রস্তুত রয়েছে।
এ পর্যন্ত কনকাকাফ অঞ্চলের আটটি দল কোপা আমেরিকায় অংশগ্রহণ করেছে। এই দলগুলো হলো মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কোস্টারিকা, জ্যামাইকা, পানামা, হন্ডুরাস, হাইতি ও কানাডা। এর মধ্যে মেক্সিকো ১৯৯৩ ও ২০০১ সালে ফাইনালেও অংশগ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার সর্বশেষ আসর ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবার ফাইনালে কলম্বিয়াকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। লাওতারো মার্টিনেজের করা একমাত্র গোলে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় আলবিসেলেস্তেরা। ম্যাচটিতে অধিনায়ক লিওনেল মেসি চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
নতুন ফরম্যাটে ২০২৮ সালের আসরটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন। ১৬ দলের এই প্রতিযোগিতায় কোন কোন দল জায়গা করে নেয়, সেটি ফুটবলপ্রেমীদের নজর থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন