প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনার সোনাডাঙ্গায় বাসা ভাড়া নেওয়ার উদ্দেশ্যে এক গৃহকর্ত্রীকে অচেতন করে সাড়ে পাঁচ ভরির বেশি স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনা ঘটে সোমবার (১২ অক্টোবর) সকালে নগরীর নবপল্লী স্কুলের বিপরীতে। পরে অসুস্থ গৃহকর্ত্রীকে নার্গিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগীর স্বজনদের বক্তব্য অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর কয়েকজন বাসা ভাড়া নেওয়ার কথা বলে এক হাজার টাকা অগ্রিম প্রদান করেন। ১ অক্টোবর তাদের ওঠার কথা থাকলেও তারা আসেননি। এরপর সোমবার সকাল ১০টার দিকে তিন নারী মাছ, দুধ ও পেঁপে নিয়ে বাসায় প্রবেশ করেন।
এ সময় গৃহকর্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে ওই নারীরা তাকে লাচ্ছি বা অন্য কিছু খাওয়ান, যার ফলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন ও আংটি খুলে নেওয়া হয়। পরিবারের দাবি, এসব অলংকারের ওজন সাড়ে পাঁচ ভরির বেশি।
এদিকে, ভুক্তভোগী গৃহকর্ত্রীর কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুত অলঙ্কার খুলতে গিয়ে ওই তিন নারী টানাহেঁচড়া করেছেন, যার কারণে এমনটি ঘটেছে।
ভুক্তভোগীর জামাতা জানান, দুপুরের পর থেকে ফোন করে শাশুড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তারা। বিকেল ৪টার দিকে বাসায় গিয়ে তাকে সোফায় অচেতন অবস্থায় পান। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি মাঝে মাঝে কথা বললেও আবার অচেতন হয়ে পড়ছেন।
তিনি আরও জানান, অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্র বা ছবি নেওয়ার আগেই এ ঘটনা ঘটে। তাদের সঙ্গে যোগাযোগের একটি মোবাইল নম্বর পুলিশকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি অনলাইনে ঘটনাটি দেখেছেন। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ নিয়ে আসেননি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন