প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের খুলনাগামী লেনে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। দুর্ঘটনায় আহত আরও দুই তরুণকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গা গোলচত্ত্বরের খুলনাগামী লেনে ভাঙ্গা মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার শাহাদাত সরকারের পুত্র স্বাধীন সরকার (২০) এবং ভাঙ্গা উপজেলার হাজরাহাটি এলাকার মো. দুলাল কাজীর পুত্র এজাজুল কাজী (২০)।
অন্যদিকে, আহত দুই যুবক হলেন নগরকান্দা উপজেলার জিয়াখুলী এলাকার আব্দুর রহমান মাতুব্বরের পুত্র ইয়াসিন (২৮) এবং ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা এলাকার মো. শওকত হোসেনের পুত্র রাজন (২১)।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, আরওয়ান ফাইভ ও জিক্সার মডেলের দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে ঢাকামুখী থেকে খুলনা অভিমুখে চলছিল। মোটরসাইকেল দুটি চালাচ্ছিল দুই তরুণ, এবং তাদের পেছনে বসা ছিল আরও দুইজন। হঠাৎ করে একটি মোটরসাইকেল অপরটির পেছনে ধাক্কা দেয়। এর ফলে মুহূর্তের মধ্যে চারজন সড়কে আছড়ে পড়ে এবং মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা চার আরোহী গুরুতর আহত হন। তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে দ্রুত প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল রানা জানান, দ্রুতগামী দুটি মোটরসাইকেল গোলচত্ত্বর এলাকায় খুলনাগামী লেন অতিক্রম করছিল। বেপরোয়া গতির কারণে মডেল মসজিদের সামনে আসতেই একটি মোটরসাইকেল অপরটি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ থানায় রয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন