প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তারা বাংলাদেশি পণ্যের আমদানি বৃদ্ধি করে এবং বাংলাদেশে বিনিয়োগ করে। তিনি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার জন্য ভিয়েতনামের উদ্যোগ প্রত্যাশা করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রেসিডেন্ট এসব আহ্বান জানান।
রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতি শুভেচ্ছা পৌঁছানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রেসিডেন্টকে ভিয়েতনামের সফরের আমন্ত্রণ জানান, যা প্রেসিডেন্ট সুবিধাজনক সময়ে গ্রহণ করেন।
সাক্ষাৎকালে প্রেসিডেন্ট উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে। তিনি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করার জন্য ভিয়েতনামের উদ্যোগ কামনা করেন। প্রেসিডেন্ট বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। তিনি বলেন, এসব পণ্য বাংলাদেশে প্রতিযোগিতামূলক দামে উৎপাদিত হয় এবং মানসম্পন্ন।
ভিয়েতনামকে ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট বলেন, চলতি বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ার জন্য। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান।
বাংলাদেশে বিনিয়োগের জন্য ভিয়েতনামের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট। বিশেষ করে মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন তিনি। এছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসাব্যবস্থা সহজ করতে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। প্রেসিডেন্ট মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনক প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন। তিনি গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে।
রায়ের পূর্ণাঙ্গ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান প্রেসিডেন্ট। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন দেশটির রাষ্ট্রদূত।
এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন কামনা করেন প্রেসিডেন্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন