প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ, পাহাড়ি জনপদ এবং শহরের ব্যস্ত সড়ক— এই সবকিছুর মধ্য দিয়ে ১৪৮ দিনে দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলা ঘুরে এসেছেন মোহাম্মদ খাইরুল ইসলাম। বাইসাইকেল নিয়ে এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করতে গিয়ে তিনি সীমিত সামর্থ্য, বিভিন্ন প্রতিকূলতা এবং দীর্ঘ পথের ক্লান্তি অতিক্রম করেছেন। ২৩ বছর বয়সী খাইরুলের দাবি, তিনি প্রথমবারের মতো বাইসাইকেলে দেশের ৫০৩টি উপজেলা ভ্রমণ করেছেন।
ভ্রমণের পাশাপাশি, এই অভিযানের মাধ্যমে তিনি বাংলাদেশের গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস-ঐতিহ্য এবং মানুষের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। পরিবেশবান্ধব সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে তিনি চেষ্টা করেছেন।
গত ৯ জুন ২০২৬ সকাল ৮টায় শেরপুরের নকলা উপজেলা থেকে যাত্রা শুরু করেন খাইরুল। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা ঘুরে ৩ নভেম্বর সকাল ১০টা ৪৩ মিনিটে ময়মনসিংহের মুক্তাগাছায় এসে শেষ হয় তাঁর ১৪৮ দিনের অভিযান।
খাইরুল জানান, এই দীর্ঘ যাত্রায় তিনি বাংলাদেশের প্রকৃতি, মানুষ ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। বিশেষ করে উত্তরবঙ্গের মানুষের আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছে। অপরিচিত মানুষ হয়েও অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী খাবার ও আপ্যায়নের ব্যবস্থা করেছেন। তবে নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সুনামগঞ্জ ও সিলেটের সীমান্তবর্তী কিছু এলাকার মানুষের দারিদ্র্য তাঁকে ভাবিয়েছে। কিন্তু এসব এলাকার হাওর, প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামীণ জীবন তাঁকে আকৃষ্ট করেছে।
দীর্ঘ অভিযানে সব অভিজ্ঞতা সুখকর ছিল না। মানিকগঞ্জ ও টাঙ্গাইলের সীমান্তবর্তী এলাকায় ছিনতাইকারীদের কবলেও পড়তে হয়েছিল তাঁকে। কিন্তু এসব প্রতিকূলতায় তিনি দমে যাননি। নানা বাধা পেরিয়ে সাইকেলের প্যাডেল ঘুরিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে গেছেন।
মুক্তাগাছা উপজেলার ঈশ্বরগ্রামের নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান খাইরুল। তাঁর বাবা প্রয়াত সমেদ আলী এবং মা জরিনা বেগম। ছোটবেলা থেকেই বাইসাইকেলের প্রতি আগ্রহ ছিল তাঁর। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে শখ পূরণের সুযোগ হয়নি। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে টাকা জমিয়ে ২০২২ সালে ছয় হাজার টাকায় ফনিক্স ব্র্যান্ডের একটি বাইসাইকেল কিনেছিলেন তিনি। সেই সাইকেলই এখন তাঁর দীর্ঘ পথচলার সঙ্গী।
শহীদ স্মৃতি সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরত খাইরুলের সাইকেল ভ্রমণের অভিজ্ঞতাও কম নয়। ২০২২ সালে হালুয়াঘাট থেকে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি। পরে ৪৪ দিনে ঘুরে দেখেন ৬৪ জেলা। রমজান মাসে রোজা রেখে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত জাতীয় রুট সাইকেলে পাড়ি দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়েছেন তিনি।
খাইরুলের উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় মুক্তাগাছায় গড়ে উঠেছে সাইক্লিস্টদের সংগঠন ‘মুক্তাগাছা সাইক্লিস্ট’। তাঁর অনুপ্রেরণায় এলাকার শত শত তরুণ সাইকেল চালানো ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন বলে জানান সংগঠনটির সংশ্লিষ্টরা।
মুক্তাগাছা সাইক্লিস্টের লিডার নূরে আলম মিঠু বলেন, "খাইরুলের এই অর্জন এলাকার তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তাঁর দীর্ঘ পথচলা ও অভিজ্ঞতা অন্যদেরও সাইকেল চালানো এবং ভালো কাজে অংশ নিতে উৎসাহিত করছে।"
উপজেলা ক্রীড়া সংস্থার মুক্তাগাছার সদস্য সচিব জাহাঙ্গীর আলম সোহেল বলেন, "খাইরুলের এই অভিযান শুধু ব্যক্তিগত স্বপ্নপূরণ নয়, এটি তরুণদের জন্যও অনুপ্রেরণার। তাঁর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে মুক্তাগাছার পরিচিতি ছড়িয়ে পড়েছে।"
মুক্তাগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, "সীমিত সামর্থ্য নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের অভিযান তরুণদের মধ্যে ইতিবাচক চিন্তা, সাহস ও পরিবেশবান্ধব জীবনযাপনের আগ্রহ তৈরি করবে।"
মাত্র ছয় হাজার টাকায় কেনা একটি সাইকেল নিয়ে শুরু হয়েছিল খাইরুলের স্বপ্নযাত্রা। ১৪৮ দিনের পথচলায় সেই স্বপ্ন তাঁকে পৌঁছে দিয়েছে দেশের ৫০৩টি উপজেলায়। তাঁর এই অভিযান প্রমাণ করেছে, অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে সীমিত সামর্থ্যও বড় স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন