প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যশোরের অভয়নগরে মাদকাসক্ত ছেলেদের নির্যাতনের কারণে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে পৃথক অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সময় তিন যুবককে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপজেলার গুয়াখোলা গ্রামের মৃত ওসমান আলী গাজীর ছেলে ওহিদ গাজী (২৬), বুইকারা গ্রামের মোবারক হোসেনের ছেলে সজিব আহমেদ (৩০) এবং মশরহাটী গ্রামের জুয়েল শেখের ছেলে শামীম শেখ (২০), যিনি স্থায়ীভাবে ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলার ছবদলপুর গ্রামে বসবাস করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তিন যুবক দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। মাদকদ্রব্য ক্রয় এবং নেশার জন্য অর্থ সংগ্রহ করতে তারা প্রায়ই তাদের মা-বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। এক পর্যায়ে নিরুপায় হয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, মঙ্গলবার দুপুরে গুয়াখোলা গ্রামের নিজ বাড়ি থেকে মাদক সেবনের সময় ওহিদ গাজীকে আটক করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়। অন্য অভিযানে বুইকারা গ্রামের সজিব আহমেদ ও মশরহাটী গ্রামের শামীম শেখকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘মাদকাসক্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তাদের মা-বাবা উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে মাদক সেবনকালে তিন যুবককে আটক করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন