প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজবাড়ীতে এক তরুণীকে যৌনপল্লীতে বিক্রি এবং পতিতাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় দায়ের করা মামলার রায়ে আদালত দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে রাজবাড়ীর মানবপাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. তহিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর সর্দারানি রোজি এবং বাহিরচর দৌলতদিয়া মজি ফকির পাড়া গ্রামের মৃত বাসেদের ছেলে মজি ফকির।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুরে তরুণীর সঙ্গে অভিযুক্ত রোজি সর্দারানীর পরিচয় ঘটে। পরিচয়ের পর রোজি তাকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে দৌলতদিয়ায় নিয়ে আসে। এরপর রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পেছনের গেট দিয়ে প্রবেশ করে তাকে মজি ফকিরের বাড়িতে নিয়ে যায়। সেখানে রোজি ও মজি ফকির তাকে ভয়ভীতি দেখিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
এক মাস পর, ওই তরুণী পতিতাবৃত্তি করতে অস্বীকার করলে গত ১৭ নভেম্বর রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত রোজি ও মজি ফকির তাকে বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
পরে তার চিৎকারে যৌনপল্লীতে কর্মরত এনজিও কর্মীদের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
এই ঘটনায় ভুক্তভোগী তরুণী মানবপাচার প্রতিরোধ দমন আইনে রোজি ও মজি ফকিরকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়ালন্দ ঘাট থানার এসআই রাকিবুল ইসলাম উল্লেখিতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১০ জন সাক্ষী আদালতে তাদের সাক্ষ্য প্রদান করেন।
রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জাহিদ উদ্দিন মোল্লা এ বিষয়ে বলেন, "মামলার আসামি রোজি সর্দারানি ও মজি ফকির পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে দৌলতদিয়া যৌনপল্লীতে পাচারপূর্বক মারধর করে পতিতাবৃত্তিতে বাধ্য করে। আজ এ মামলার রায় ঘোষণা করেন আদালত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন