প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত একটি বিরোধের ফলে মোহন তালুকদার (৪০) নামের একজন জেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার রাত ৮টার সময় সংঘটিত হয় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামে। আহত অবস্থায় স্থানীয়রা মোহন তালুকদারকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত মোহন তালুকদার জানান, প্রায় দুই বছর আগে তিনি লেমুপাড়া গ্রামের মিজানুর তালুকদারের কাছ থেকে মৌখিক চুক্তির মাধ্যমে প্রায় ৯০ শতাংশ জমি দুই লাখ টাকায় কেনার চুক্তি করেছিলেন। তিনি ওই সময় বায়না হিসেবে এক লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেছিলেন। কিন্তু পরে মোহন জানতে পারেন, ঐ জমিটি সরকারি খাস জমি এবং বিক্রেতার নামে কোন রেকর্ডও নেই। এই ঘটনায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি আদালতে গড়ালে মিজানুরের দাবি অনুযায়ী, সংশ্লিষ্ট জমিটি খাস জমি হিসেবে প্রমাণিত হয়েছে।
এছাড়াও মোহনের আরও অভিযোগ, বুধবার রাতে তিনি পার্শ্ববর্তী খালে মাছ ধরার জন্য জাল ফেলে বাড়ি ফেরার পথে বাড়ির প্রবেশমুখে পৌঁছালে মিজানুর তালুকদার, রাসেল মাতুব্বর, সজিব তালুকদার, করিম মাতুব্বর ও মিজানুর হাওলাদার দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। ফলে মোহন মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তবে অভিযুক্ত মিজানুর তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, “ঘটনার সময় আমি আদালতের কাজে পটুয়াখালী ছিলাম। রাত ৯টার দিকে বাড়িতে ফিরেছি। মোহনের সঙ্গে আমার কোনো মারামারির ঘটনা ঘটেনি। তবে জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে।” কলাপৰা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন