প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাব লক্ষ্য করা যায়নি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহন চলাচল, গণপরিবহন, অফিস-আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে। কর্মজীবী মানুষ স্বাভাবিকভাবে কর্মস্থলে যাচ্ছেন। দোকানপাট ও বিপণিবিতানও খোলা রয়েছে।
লকডাউন কর্মসূচি নিয়ে রাজধানীতে জনজীবন অচল হয়ে পড়ার কোনো চিত্র দেখা যায়নি। সকাল থেকেই বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। গণপরিবহন চলাচলও স্বাভাবিক রয়েছে। এর ফলে কর্মস্থল ও প্রয়োজনীয় কাজে বের হওয়া মানুষকে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।
রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, লকডাউন কর্মসূচির কারণে তাদের দৈনন্দিন কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও কর্মজীবীরা স্বাভাবিকভাবেই তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা চান না তারা।
তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ও জীবিকা যেন ব্যাহত না হয়, সেটি নিশ্চিত করা জরুরি।
সাধারণ মানুষের প্রত্যাশা, রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। তারা চান, কোনো ধরনের সংঘাত, ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না। স্বাভাবিকভাবে কর্মস্থলে যাওয়া, ব্যবসা-বাণিজ্য পরিচালনা এবং নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা চান তারা।
যাত্রাবাড়ীতে প্রতিবেদকের সঙ্গে কথা হয় মামুন নামের এক দোকানির। তিনি বলেন, "কিসের লকডাউন। আমরা কোনো লকডাউনের খবর জানি না। তবে নিষিদ্ধ ও পালাতক দল যেভাবে গাড়িতে আগুন, ভাঙচুর করছে-এটা মেনে নেওয়া যায় না। আমরা আমাদের জীবনের স্বাভাবিকতা চাই। কোনো রাজনৈতিক দলের গাড়িতে আগুন দেওয়া কোনো কর্মসূচি হতে পারে না।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের কেউ দেশে নেই, বিদেশে বসে কোন দেশে লকডাউন দিলো সেটাও একটা প্রশ্ন।"
রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তবে তাদের উপস্থিতির কারণে সাধারণ মানুষের চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়নি। কোথাও কোথাও যানবাহনের স্বাভাবিক চাপ থাকলেও লকডাউনের কারণে সড়ক ফাঁকা হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এদিকে সরকারি-বেসরকারি অফিসের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, দোকানপাট ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকর্ম চলছে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া মানুষও স্বাভাবিকভাবে চলাচল করছেন। রাজধানীর ব্যবসা-বাণিজ্য ও পরিবহন খাতেও কর্মসূচির দৃশ্যমান কোনো প্রভাব লক্ষ করা যায়নি।
এর আগে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়। সম্ভাব্য নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি ও টহল বাড়ানো হয়।
রাজনৈতিক পরিস্থিতি ও সম্ভাব্য নাশকতার আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা সচল রয়েছে। মানুষের দৈনন্দিন কাজকর্ম, যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্যে লকডাউনের দৃশ্যমান প্রভাব পড়েনি।
মফিজুল ইসলাম নামে এক বেসরকারি চাকরিজীবী ইনকিলাবকে বলেন, "পলাতক কোনো দলের আহ্বান জনগণ মানে না। তারা যদি লকডাউন দিতে চায়, তাহলে দেশে এসে কর্মসূচি দিক। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার কোনো যৌক্তিকতা নেই। দেশের মানুষের মধ্যে তাদের কোনো অবস্থান নেই।"
সার্বিকভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি কার্যত কোনো প্রভাব ফেলতে পারেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন