প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে (এনএসোইজেড) প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত তাদের নতুন কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির প্রত্যাশা, আগামী মাসের মধ্যে বাণিজ্যিকভাবে এ অ্যান্টিবায়োটিক বাজারজাত করা সম্ভব হবে। তাদের এই উদ্যোগের মাধ্যমে এই শিল্পাঞ্চলের প্রথম কোম্পানি হিসেবে ওষুধ উৎপাদন শুরু হলো।
হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও মো. হালিমুজ্জামান জানিয়েছেন, কারখানাটি প্রয়োজনীয় সব লাইসেন্স পেয়েছে এবং জুনের শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলক উৎপাদন চালিয়ে যাচ্ছে।
হালিমুজ্জামান জানান, প্রকল্পটিতে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কারখানায় প্রায় ৩০০ জনের কর্মসংস্থান প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কম কোম্পানিই পেনিসিলিন উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে, কারণ দেশে পরবর্তী প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেশি। তবে, বিশ্ববাজারে এখনও পেনিসিলিনই সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচিত। তাই সেই সম্ভাবনা মাথায় রেখেই আমরা আন্তর্জাতিক মানের পেনিসিলিন ফ্যাসিলিটি তৈরি করেছি।
প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল এই কারখানায় ফিনিশড ওষুধপণ্যের পাশাপাশি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস (এপিআই) বা ওষুধের মূল কাঁচামাল উৎপাদনের। তবে এখনও এপিআই উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
হালিমুজ্জামান বলেন, মুন্সিগঞ্জের এপিআই পার্কে উৎপাদন শুরু করা প্রথম কোম্পানি ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং সেখানে তারা ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে পৌঁছেছে।
শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন, এনএসইজেডের জন্য প্রতিশ্রুত অনেক অবকাঠামোগত সুবিধা এখনও সম্পন্ন হয়নি। তারা মনে করেন, সরকার যদি তাদের পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়ন করে তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হতে পারবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন