প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বড় ধস নেমেছে, কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। সংঘাত শুরু হওয়ার পূর্ববর্তী সময়ের তুলনায় গত আগস্টে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি ৩৯ শতাংশ কমেছে। একই সময়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সামরিক সংঘাতের সূচনা হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।
তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো। তবে মে মাসে এই রপ্তানি ৬৭ শতাংশ কমে যায়, যা ছিল সবচেয়ে বেশি। আগস্টে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও মাসজুড়ে দৈনিক ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭২ লাখ ব্যারেল। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকার কারণে সমুদ্রপথে পণ্য পরিবহনে সবচেয়ে বড় সংকট সৃষ্টি হয়েছে, যা কয়েক দশকের মধ্যে নজিরবিহীন।
এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে ডিজেলসহ অন্যান্য জ্বালানির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৮৫ ডলারে উঠে নতুন রেকর্ড গড়েছে। মার্কিন সংস্থা এএএ-এর তথ্য অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকটের কারণে ডিজেল সরবরাহে জটিলতা সৃষ্টি হয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে।
রিস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তি মন্তব্য করেছেন, "অর্থনীতির প্রায় সব খাতই ডিজেলের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল।" তিনি আরও বলেন, জ্বালানি মূল্যের এই বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।
হরমুজ প্রণালি স্বাভাবিক হতে বিলম্ব হওয়ায় সিটি গ্রুপ চলতি প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দামের পূর্বাভাস ৮৬ ডলার বৃদ্ধি করেছে। এএনজেডের বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, যদি মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হয়, তবে স্বল্পমেয়াদে প্রতি ব্যারেল তেলের দাম ৯৫ ডলার ছাড়িয়ে যেতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন