প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দেশের তৈরি পোশাক খাতের রফতানি আয় এখন ট্রাউজার, সোয়েটার এবং টি-শার্টের মতো বেসিক পোশাকের ওপর নির্ভরশীল। চলতি অর্থবছরের প্রথম চার মাসের তথ্য অনুযায়ী, অক্টোবর মাস পর্যন্ত মোট রফতানি আয়ের ৭৮ শতাংশের বেশি এসেছে এই ধরনের পণ্য থেকে। অন্যদিকে, যদিও বিশ্ববাজারে সেমি বেসিক ও উচ্চমূল্যের পোশাকের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তবে রফতানি আয় থেকে আসা হিস্যা কমে যাচ্ছে। এই পরিস্থিতির পেছনে রফতানিকারকরা প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। একই সাথে, শুল্ক ও অশুল্ক জটিলতার কারণে ম্যানমেড ফাইবার খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না বলেও তারা অভিযোগ করেছেন।
ফাস্ট ফ্যাশনের যুগে সিনথেটিক, উল এবং সিল্কের তৈরি জ্যাকেট, স্যুট, প্রিমিয়াম ব্লেজার এবং স্পোর্টসওয়্যারের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। তবে তৈরি পোশাক উৎপাদনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ এখনো এসব উচ্চমূল্যের পণ্য উৎপাদনে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি। চলতি অর্থবছরের প্রথম চার মাসের রফতানি চিত্রেও এই সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।
অক্টোবর মাস পর্যন্ত চার মাসে বাংলাদেশ ১ হাজার ৩৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। এর মধ্যে ট্রাউজার, শর্টস, স্কার্ট, সোয়েটার, কার্ডিগান, টি-শার্ট, ভেস্ট, আন্ডারওয়্যার, স্লিপওয়্যার এবং শিশুদের পোশাক থেকে আয় হয়েছে ১ হাজার ০৭৭ কোটি ৭৯২ লাখ ডলার। অর্থাৎ মোট পোশাক রফতানি আয়ের প্রায় ৭৮ দশমিক ৪১ শতাংশই এসেছে বেসিক আইটেম থেকে।
সেমি বেসিক পোশাকের ক্ষেত্রেও তেমন অগ্রগতি দেখা যায়নি। শার্ট এবং ব্লাউজের রফতানি আয় সামান্য বৃদ্ধি পেলেও মোট পোশাক রফতানিতে এসব পণ্যের হিস্যা কমে ৮ দশমিক ০৫ শতাংশে দাঁড়িয়েছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, ম্যানমেড ফাইবারের পোশাক উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু এখনো এ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এর অন্যতম কারণ হিসেবে প্রযুক্তিগত সীমাবদ্ধতা চিহ্নিত করা হয়েছে। এ খাতে বিনিয়োগকারীদের কাছে সর্বাধুনিক প্রযুক্তির কিছুটা ঘাটতি রয়েছে। পাশাপাশি, এ ধরনের পোশাক তৈরিতে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীর অভাবও রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে কাজ চলছে।
উচ্চমূল্যের পোশাক রফতানির ক্ষেত্রেও বাংলাদেশের হিস্যা কমেছে। অক্টোবর মাস পর্যন্ত প্রথম চার মাসে স্পোর্টসওয়্যার, অ্যাকটিভওয়্যার, আউটারওয়্যার, টেকনিক্যাল ওয়্যার, স্যুট এবং এনসেম্বলসহ উচ্চমূল্যের পোশাক রফতানি করে আয় হয়েছে ১৮৬ কোটি ১৫ লাখ ডলার। তবে বছর ব্যবধানে মোট পোশাক রফতানিতে এসব পণ্যের হিস্যা কমে ১৩ দশমিক ৫৪ শতাংশে দাঁড়িয়েছে।
মোহাম্মদ হাতেম আরও বলেন, ম্যানমেড ফাইবার খাতে বিনিয়োগ আনতে বারবার চীনা বিনিয়োগকারীদের আগ্রহী করার চেষ্টা করা হয়েছে। যদিও তারা বাংলাদেশে এসেছে, কিন্তু দেশের বিভিন্ন সংকটের কারণে বিনিয়োগে এগিয়ে আসতে পারেনি। বিশেষ করে ব্যাংকিং খাত, কাস্টমস ও এনবিআরের নীতিগত জটিলতা এবং গ্যাস-বিদ্যুতের সংকট তাদের নিরুৎসাহিত করছে। এ খাতে বিনিয়োগের জন্য গ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বিনিয়োগকারীরা প্রয়োজনীয় গ্যাস সরবরাহের নিশ্চয়তা পাচ্ছেন না।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু রফতানি আয় বাড়ানোই দীর্ঘমেয়াদে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট নয়। উচ্চমূল্যের পোশাক উৎপাদনের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। সেইসাথে, ম্যানমেড ফাইবার খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের বিশেষ নীতি সহায়তার প্রয়োজন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন