প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল নতুন করে বিতর্ক ও আলোচনা সৃষ্টি করেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ ও শুধু দেখা করার উদ্দেশ্যে নারীদের ডেকে আনা হয়েছিল কর্মসূচির আয়োজকদের দ্বারা। কিন্তু, অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করেছেন যে, তাদের মিছিলে অংশ নিতে মিথ্যা তথ্য দিয়ে কৌশলে বাধ্য করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত এই কর্মসূচির বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মিছিলে অংশ নেওয়া কিছু নারী জানান, তাদের প্রশিক্ষণের জন্য কুষ্টিয়া পৌরসভায় নিয়ে আসা হয়েছিল। সেখানে গিয়ে তারা বিক্ষোভ মিছিল দেখে অবাক হন। অন্য একজন নারী জানান, তাকে শুধুমাত্র পৌরসভায় আসতে বলা হয়েছিল, কিন্তু কেন আসতে হবে বা কী কর্মসূচি, তা তিনি জানতেন না। পরবর্তীতে তাদের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
এদিকে, এনসিপি কুষ্টিয়া জেলা শাখার নেতারা দাবি করেছেন, এটি এনসিপির কোনো বিক্ষোভ নয়। বরং, এটি এনসিপির অঙ্গসংগঠন কর্তৃক আয়োজন করা হয়েছিল।
বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও নারীশক্তির ব্যানারে আয়োজিত এই মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার সাহারা খাতুন বলেন, "আমারে নিয়ে আইছে ট্রেনিংয়ের জন্য, আমরা নতুন আইছি। ওইটা জানি না, আমারে ইতি বলেছিল আসতে। ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল।"
সাহারা খাতুনের বক্তব্য অনুযায়ী, তাকে প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা বলে সেখানে নিয়ে আসা হলেও পৌরসভা চত্বরে এসে তিনি জানতে পারেন সেখানে বিক্ষোভ মিছিল হবে।
এ সময় আরেক নারীকে কর্মসূচিতে আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, "আমারে বলেছে পৌরসভায় আসা লাগবি। আমরা কি জানি নাকি কিসের জন্য আসতে বলেছে। আমারে পৌরসভায় আসতে কইছে তাই আইছি।"
বিক্ষোভ কর্মসূচি শেষ হওয়ার পর দুই নারীর এসব বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্টে ভিডিও দুটি নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যায়। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের আগে থেকে কর্মসূচির বিষয়ে জানানো হয়েছিল কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা বলেন, "এটা এনসিপির কোনো বিক্ষোভ না। এটা এনসিপির অঙ্গসংগঠন আয়োজন করেছিল। তবে আমরা এই রাজনীতি বিশ্বাস করি না। আমাদের যে কয়েকজন কর্মী আছে, আমরা তাদের নিয়েই রাজনীতি করি। এ বিষয়ে আমাদের কেন্দ্রের সঙ্গে কথা হয়েছে। তারা বিষয়টি দেখবে।"
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জাতীয় নাগরিক কমিটির কুষ্টিয়া জেলা শাখার সাবেক সদস্য রাসেল পারভেজ, সাবেক যুগ্ম সমন্বয়ক মো. তাছের, যুবশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুরুজ হোসেন সম্রাট, ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মখলেচুর রহমান আয়াসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন