প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান সময়ের একটি সাধারণ সমস্যা হলো অতিরিক্ত কাজের চাপ, দুশ্চিন্তা এবং ব্যস্ত রুটিনের কারণে সঠিকভাবে ঘুমাতে না পারা। ঘুমের এই সমস্যার সমাধানে ক্যাফেইন কমানো কিংবা ঘুমানোর আগে স্ক্রিন টাইম সীমিত করার মতো বিভিন্ন কৌশল সম্পর্কে অনেকেই অবগত। তবে, এর পাশাপাশি প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা আপনার ঘুমের মান উন্নত করতে সহায়তা করতে পারে।
সম্প্রতি একটি গবেষণায় উঠে এসেছে যে, নিয়মিত বাদাম খাওয়া দ্রুত ঘুম আনতে এবং ঘুমের গুণগত মান বাড়াতে অত্যন্ত কার্যকরী।
ভারতীয় উপমহাদেশের মায়েরা শৈশবে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য তাদের সন্তানদের দুধের সঙ্গে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়ার বিষয়টি নতুন নয়। কিন্তু বাদাম কিভাবে আমাদের ঘুমের উন্নতিতে সহায়তা করে? চলুন, বিষয়টি জানার চেষ্টা করি।
‘ফ্রন্টিয়ার্স ইন নিউট্রিশন’ জার্নালে প্রকাশিত জুলাই ২০২৬ সালের একটি গবেষণায় ২১ থেকে ৫৫ বছর বয়সি ১৭৫ জন প্রাপ্তবয়স্ক মানুষের ওপর বাদামের প্রভাব বিশ্লেষণ করা হয়। এই গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা ঘুমের সমস্যায় ভুগছিলেন, তাদের প্রতিদিন ৬০ গ্রাম বাদাম দেওয়া হয়।
অন্যদিকে, তুলনা করার জন্য আরেকটি দলের সদস্যদের ক্যালোরি ঠিক রেখে চিড়া, খাকরা বা ক্র্যাকারের মতো সাধারণ নাস্তা প্রদান করা হয়।
গবেষণার ফলাফল অনুযায়ী, যে দলটি নিয়মিত বাদাম খেয়েছিল, তারা অন্যদের তুলনায় দ্রুত ঘুমাতে সক্ষম হয়েছিল এবং তাদের ঘুমের স্থায়িত্বও বেশি ছিল। এর ফলে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়ার প্রবণতা কমে যায় এবং নিরবচ্ছিন্ন গভীর ঘুম নিশ্চিত হয়।
বাদাম কিভাবে ঘুমের উন্নতিতে সাহায্য করে?
পুষ্টি ও স্বাস্থ্য বিশেষজ্ঞ শীলা কৃষ্ণস্বামীর মতে, বাদামে এমন কিছু পুষ্টি উপাদান বিদ্যমান, যা স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে এবং ভালো ঘুমে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে রয়েছে-
ম্যাগনেসিয়াম: এটি স্নায়ু ও পেশির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে।
ট্রিপটোফ্যান: এই উপাদানটি শরীরকে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন উৎপাদনে সহায়তা করে।
প্রাকৃতিক মেলাটোনিন: বাদামে প্রাকৃতিকভাবে সামান্য পরিমাণে মেলাটোনিন হরমোন থাকে, যা শরীরের ঘুম ও জাগার চক্র বা সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রণে সহায়তা করে।
এছাড়া, বাদামে থাকা স্বাস্থ্যকর চর্বি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সামগ্রিক শারীরিক সুস্থতায় অবদান রাখে।
ভালো ঘুমের জন্য প্রয়োজনীয় অন্যান্য বিষয়
শুধু নিয়মিত বাদাম খেলে যে রাতে চমৎকার ঘুম হবে, বিষয়টি তেমন নয়। এটি একটি স্বাস্থ্যকর জীবনযাত্রার রুটিনের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। ভালো ঘুমের জন্য বিশেষজ্ঞরা নিচের বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিয়েছেন:
সন্ধ্যার পর চা, কফি বা যেকোনো ক্যাফেইনযুক্ত পানীয় পরিহার করুন।
শোবার ঘরটি আরামদায়ক, শান্ত ও ঘুমের উপযোগী রাখুন।
প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়ার এবং সকালে ওঠার অভ্যাস গড়ে তুলুন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন