প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কক্সবাজার থেকে বিমানে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একাধিক মামলার তথ্য যাচাই করার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ (৫২) এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম (৪৪)। নাসির উদ্দিন মৃধা জর্জ শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মৃত আবদুল হাই মৃধার পুত্র। অপরদিকে, জাহাঙ্গীর আলম মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের রিয়াজ উদ্দিন শেখের পুত্র।
ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে আসামি নাসির উদ্দিন মৃধা ও জাহাঙ্গীর আলম কক্সবাজার থেকে ঢাকায় ফিরছেন। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের টার্মিনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
দুপুর দেড়টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর পুলিশ তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য যাচাই করার পর তাদের গ্রেপ্তার করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার দুই আসামিকে শ্রীপুরে নিয়ে আসার জন্য পুলিশের একটি বিশেষ দল ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুই নেতাকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন