প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মরক্কো ও পিএসজির তারকা ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সংক্রান্ত মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে করা আপিল খারিজ হয়ে গেছে। এর ফলে, ২০২৩ সালের এই অভিযোগের কারণে হো-দ্য-সেন বিভাগের ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে হবে পিএসজির এই ডিফেন্ডারকে।
তবে আপিল খারিজ হওয়া মানে হাকিমি দোষী সাব্যস্ত হয়েছেন, এমনটি নয়। অভিযোগের সত্যতা ও দায়-দায়িত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মূল বিচারপ্রক্রিয়ায় নেওয়া হবে।
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্রান্সের কোর্ট অব ক্যাসেশন হাকিমির করা আপিল গ্রহণ করেনি। এর আগে, ১৯ জুন ভার্সাইয়ের আপিল আদালত তাকে ফৌজদারি আদালতে পাঠানোর সিদ্ধান্ত বহাল রেখেছিল। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন হাকিমি।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে এক তরুণী হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগ ওঠার পর থেকেই মরক্কোর এই ফুটবলার তা অস্বীকার করে আসছেন। তার আইনজীবী ফ্যানি কোলিনের মতে, কোর্ট অব ক্যাসেশন অভিযোগের মূল বিষয়গুলো পর্যালোচনা করেনি; সেগুলো নিয়ে মূল বিচারপর্বেই আলোচনা হবে।
সর্বোচ্চ আদালতের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এই পর্যায়ে হাকিমির আইনি চ্যালেঞ্জের সুযোগ শেষ হয়ে গেছে। মামলাটি ফৌজদারি আদালতে যাওয়ার পথ পরিষ্কার হলেও বিচার শুরুর নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
বাদীপক্ষের আইনজীবী র্যাচেল-ফ্লোর পার্দো জানিয়েছেন, তার মক্কেল বিচারের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার লড়াই চালিয়ে যাবেন। অন্যদিকে, হাকিমির আইনজীবী ফ্যানি কোলিন বলেছেন, তার মক্কেল শুরু থেকেই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন এবং বিচারপর্বে তার পক্ষে থাকা সব বক্তব্য ও প্রমাণ উপস্থাপন করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন