প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পশ্চিম থানা পুলিশের যৌথ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দিবাগত রাতে টঙ্গীবাজার এবং সাতাইশ রাজনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতে রোববার দুপুরে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী (৬৭), গাজীপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন (৪৫) এবং গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী মো. নজরুল ইসলাম (৩৬)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কার্যক্রমের আওতায় যুবলীগের কিছু নেতাকর্মী টঙ্গীর সাতাইশ রাজনগর এলাকায় জড়ো হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় যুবলীগ নেতা মনির হোসেন এবং নজরুল ইসলামকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের অপর সহযোদ্ধারা পালিয়ে যায়।
অন্যদিকে, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ) একই রাতে টঙ্গীবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা ওসমান আলীকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার দুপুরে তাদের গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন