প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুসান সার্যান্ডন এবং জনপ্রিয় কমেডি তারকা হান্নাহ আইনবাইন্ডারসহ শতাধিক সংস্কৃতি কর্মী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিকট ফার্স্ট অ্যাভিনিউতে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মার্কিন পুলিশ বিক্ষোভস্থল থেকে ১০৩ জন অধিকারকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যায়।
ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন ‘জিউয়িশ ভয়েস ফর পিস’-এর আহ্বানে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। সাংস্কৃতিক কর্মীরা ‘বোমায় নয়, মানুষের পেছনে অর্থ দিন’ এবং ‘ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করো’ লেখা টি-শার্ট ও প্ল্যাকার্ড হাতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন।
অবস্থান কর্মসূচিতে সুসান সার্যান্ডন ও হান্নাহ আইনবাইন্ডার ছাড়াও ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’ খ্যাত অভিনেত্রী সিনথিয়া নিক্সন, নাট্যকার টনি কুশনার, কমেডিয়ান ক্যালেব হিয়ারন এবং লেখক গ্লেনন ডয়েলসহ বিনোদন জগতের অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার সুসান সার্যান্ডন এর আগে একাধিকবার গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। অন্যদিকে, আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হান্নাহ আইনবাইন্ডার লেখেন, তাদের গ্রেপ্তারের ঘটনা যেন ফিলিস্তিন ও দক্ষিণ লেবাননের মানুষের ওপর চলা ভয়াবহ গণহত্যার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে জাতিসংঘের স্বাধীন তদন্ত প্রতিবেদনে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে জাতিসংঘে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে নিউইয়র্কের রাজপথে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ এবং এই বিশ্বখ্যাত তারকারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন