প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে, যার মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, খাল ও ছোট নদী পুনঃখনন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক চার লেনে উন্নীতকরণ। প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি সাংবাদিকদের ব্রিফ করেন।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে, যা উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে বাস্তবায়িত হবে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদে প্রকল্পটির জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর প্রকল্পে ব্যয় অনুমোদন করা হয়েছে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পেও অনুমোদন দেওয়া হয়েছে, যার জন্য ব্যয় ধরা হয়েছে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ; জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন; ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন; সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
এছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পের প্রথম পর্যায় অনুমোদন দেওয়া হয়েছে।
ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনও অনুমোদন পেয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চার প্রকল্প
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি; জামালপুর জেলার ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ; সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা রক্ষা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পণ্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়।
জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ প্রকল্পে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ব্যয় হবে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা।
এছাড়া গোড়ানচটবাড়ী রিটেনশন পণ্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এ প্রকল্পে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে রাখা হয়েছে।
অন্যান্য মন্ত্রণালয়ের প্রকল্প
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রকল্পটিতে ব্যয় ধরা হয়েছে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। ঢাকার ধামরাইয়ে কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিমানবাহিনীর ঢাকা এলাকায় কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৪৯৫ কোটি ৯ লাখ টাকা।
সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। প্রথম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা। আর মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা। এতে সার্ভিস লেন নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।
৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪ প্রকল্প সম্পর্কে অবহিতকরণ
সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের দ্বিতীয় সংশোধন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে দুটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প।
এ ছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার এবং মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পও রয়েছে।
রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন এবং দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রকল্পও এ তালিকায় অন্তর্ভুক্ত। পাশাপাশি মহাসড়কের সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো কংক্রিট ও বেইলি সেতুর স্থলে নতুন কংক্রিট সেতু নির্মাণের প্রকল্প সম্পর্কে সভায় অবহিত করা হয়।
দেশের দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্পও এ তালিকায় রয়েছে।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা সভায় অংশ নেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন