প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা ইউরিয়া সার পুলিশ জব্দ করেছে। এ ঘটনার প্রেক্ষিতে এক চালককেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় থেকে ট্রাকভর্তি সার জব্দ করা হয়।
আটককৃত ট্রাক চালকের নাম আব্দুল মান্নান। তিনি যশোরের অভয়নগর উপজেলার মশিউর নগরের আব্দুর রহিমের পুত্র।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, যশোরের নোয়াপাড়া থেকে ট্রাকভর্তি সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাটের বিসিআইসির ডিলার হুমায়ুন কবিরের গুদামে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সারসহ ট্রাকটি জব্দ করে।
অভিযোগ রয়েছে যে, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারিতে জড়িত। তবে সার আটকের পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। সকাল থেকে তার দোকানও বন্ধ রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব সার যশোর থেকে আনা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযান চালিয়ে সার জব্দ করা হলেও ডিলারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানিয়েছেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা সার বর্তমানে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন