প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুক্তাগাছায় জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীর তখনকার সময় ছিল অত্যন্ত প্রভাবশালী। সেই সময়ে মুক্তাগাছায় মণ্ডা নামক এক বিশেষ ধরনের মিষ্টান্ন তৈরি করতেন গোপাল পাল নামে স্থানীয় এক কারিগর। ছানা ও চিনি দিয়ে তৈরি হতো এই সুস্বাদু খাবারটি।
একদিন মণ্ডা জমিদারের বাড়িতে পৌঁছায়। মহারাজ স্বয়ং মণ্ডার স্বাদ গ্রহণ করেন। তিনি মিষ্টান্নটি খুব পছন্দ করেন। এরপর থেকে নিয়মিতভাবে জমিদার বাড়িতে মণ্ডা পাঠানো হতে থাকে। বিশেষ কোনো অতিথি আসলে তাদের আপ্যায়নেও মণ্ডা পরিবেশন করা হতো। মুক্তাগাছার মণ্ডার ইতিহাস থেকে এসব তথ্য জানা যায়।
মুক্তাগাছার মণ্ডার নাম শোনেনি এমন মানুষের খোঁজ পাওয়া কঠিন। ঐতিহ্যবাহী এই খাবার ২০০ বছর পূর্ণ করেছে আরও দুই বছর আগে। এটি জিওগ্র্যাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। ২০০ বছর পরেও এর চাহিদা কমেনি। বর্তমানে প্রতিষ্ঠাতা পরিবারের পঞ্চম প্রজন্মের সদস্যরা এই মণ্ডার ব্যবসা পরিচালনা করছেন।
মণ্ডার ইতিহাস নিয়ে উইকিপিডিয়ায় থাকা তথ্য অনুযায়ী, ১৮২৬ সালে ময়মনসিংহের মুক্তাগাছা সদরে গোপাল পাল তার ‘প্রসিদ্ধ মণ্ডার দোকান’ প্রতিষ্ঠা করেন। এখনও সেই দোকানেই জনপ্রিয় এই খাবার প্রস্তুত ও বিক্রি হচ্ছে। মণ্ডা প্রস্তুত ও বাজারজাত করার দায়িত্ব এখনো ওই পাল পরিবারের হাতে রয়েছে।
তবে স্থানীয়দের মধ্যে মণ্ডার ইতিহাস নিয়ে দুই ধরনের জনশ্রুতি প্রচলিত রয়েছে। একটি হলো, একদিন গোপাল স্বপ্নে মণ্ডা প্রস্তুতের কৌশল পান। পরে তিনি ১৮২৪ সালে মুক্তাগাছায় প্রসিদ্ধ মণ্ডার দোকান প্রতিষ্ঠা করেন।
অন্য একটি জনশ্রুতি হলো, গোপাল প্রথমে মুক্তাগাছার জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরীকে মণ্ডা খাওয়ান। জমিদার খাবারটি খেয়ে অত্যন্ত খুশি হন। এরপর থেকে জমিদারবাড়ির প্রতিদিনের খাদ্য তালিকায় মণ্ডা যুক্ত হয়। ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি জিআই স্বীকৃতি পাওয়ার পর এই খাবারটি গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছে।
মুক্তাগাছা পৌর শহরের জগৎ কিশোর রায় সড়কে গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকানটি অবস্থিত। এটি সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে। দূর-দূরান্ত থেকে মানুষ মণ্ডা কিনতে আসে। তারা মণ্ডা কেনার পাশাপাশি দোকানের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।
মণ্ডার দোকানের ব্যবস্থাপক জানান, প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ সেখানে মণ্ডা কিনতে আসেন। তারা মণ্ডা খাওয়ার পাশাপাশি ছবি তোলেন এবং মণ্ডার ইতিহাস সম্পর্কে জানতে চান।
মুক্তাগাছা পৌর শহরের জগৎ কিশোর রায় রোডের বাসিন্দা পরিতোষ কর, যিনি ৭০ বছরের বেশি বয়সী, ষাটের দশকের মণ্ডার দোকানের স্মৃতি শেয়ার করেন। তিনি বলেন, ‘ওই সময় আট আনা দিয়ে একটা বড় আকারের মণ্ডা কিনে খেতাম। দুপুর বেলায় প্রায়ই দল বেঁধে মণ্ডার দোকানের সামনে দাঁড়ালে পয়সা ছাড়াও মণ্ডা খেতে পারত শিশুরা।’
স্থানীয়দের মতে, মণ্ডার একটি গোপন রহস্য রয়েছে। ২০০ বছর ধরে কেবল গোপাল পালের বংশধররাই নিজেদের হাতে এই মিষ্টান্ন প্রস্তুত করছেন। দোকানে অনেক কর্মচারী থাকলেও মণ্ডা প্রস্তুতের জন্য ‘পাকের ঘরে’ শুধুমাত্র পরিবারের সদস্যরাই প্রবেশ করতে পারেন। বর্তমানে পরিবারের পঞ্চম পুরুষেরা মণ্ডার ব্যবসা পরিচালনা করছেন।
এই পরিবারে যারা উচ্চশিক্ষিত হয়ে বাইরে চাকরি করছেন, তারা ছুটিতে বাড়ি এলে মণ্ডার তৈরিতে অংশগ্রহণ করেন।
ইউকিপিডিয়া ও মণ্ডার দোকান সূত্রে জানা যায়, ১৯০৭ সালে গোপাল পাল মারা যান। এরপর তার উত্তরসূরি রাধানাথ পাল, কৈদারনাথ পাল, দ্বারিকানাথ পাল মণ্ডার দোকানটি পরিচালনা করেন। বর্তমানে গোপাল পালের পঞ্চম প্রজন্মের সদস্যদের হাত ধরে চলছে ব্যবসা।
পঞ্চম প্রজন্মের পাঁচ ভাইয়ের মধ্যে সবার বড় শ্রী রামেন্দ্র নাথ পাল মারা গেছেন। তার সন্তান রাজেশ পাল বাবার উত্তরসূরি (ষষ্ঠ প্রজন্ম)। পঞ্চম প্রজন্মের একজন মিহির কুমার পাল বলেন, ‘মুক্তাগাছার গোপাল পালের প্রসিদ্ধ মণ্ডার দোকানটি আমরা পারিবারিকভাবে পরিচালনা করি। পালা করে প্রত্যেক মাসে আমরা সেখানে বসি।’
ইউকিপিডিয়াতে আরো উল্লেখ করা হয়েছে, উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ উস্তাদ আলাউদ্দিন খাঁ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো বিখ্যাত ব্যক্তিরা ময়মনসিংহ অঞ্চলে গেলে মণ্ডার স্বাদ গ্রহণ করতেন।
সূত্র অনুযায়ী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী চীন বিপ্লবের নায়ক মাও জেদংয়ের জন্যও মুক্তাগাছার মণ্ডা নিয়ে গিয়েছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন