প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকার মিরপুর-১০ এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের সদস্যদের ওপর হামলা চালিয়েছে অবৈধ হকার ও দখলদাররা। এ সময় ব্যাপক অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই ঘটনার জন্য ফ্যাসিবাদের দোসরদের দায়ী করেছেন।
তিনি ঘোষণা করেছেন যে, ঢাকার ফুটপাত উদ্ধার করার প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) মিরপুর-১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানে হামলা ও সংঘর্ষের পর ঘটনাস্থল পরিদর্শনকালে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
মো. শফিকুল ইসলাম খান উল্লেখ করেন, ফুটপাত দখলমুক্ত করার কর্মসূচি চলমান থাকবে। উচ্ছেদ অভিযানের সময় ফুটপাত দখল করে রাখা ফ্যাসিবাদের দোসরদের প্ররোচনায় সিটি করপোরেশনের পরিবহন, সাংবাদিক এবং কিছু পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, হামলাকারীরা স্থানীয় সাধারণ জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফুটপাত উদ্ধার করার কর্মসূচি অব্যাহত থাকবে যাতে নগরবাসী নির্বিঘ্নে চলাচল করতে পারে।
ডিএনসিসি প্রশাসক জানান, উচ্ছেদ অভিযানের সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুন লাগার পর সিটি করপোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। পরিকল্পিতভাবে মসজিদে অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি করা হয়েছে।
তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে। পুলিশের পক্ষ থেকে এবং ডিএনসিসির পক্ষ থেকেও মামলা করা হবে। তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে অনেককে চিহ্নিত করা হয়েছে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, জনগণের চাহিদা অনুযায়ী ফুটপাত দখলমুক্ত করার কাজ করা হচ্ছে এবং এটি সিটি করপোরেশনের নৈতিক দায়িত্ব। মিরপুরের সাধারণ মানুষ ফুটপাত দখলমুক্ত চায়—আজকের ঘটনায় সেটি প্রমাণিত হয়েছে। ভবিষ্যতে কারও ইন্ধনে ফুটপাত দখলের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএনসিসির প্রশাসক বলেন, আমি মিরপুরের সন্তান এবং এলাকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন