প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার ১ নম্বর শ্রীকাইল ইউনিয়নের ইউপি সদস্য আনোয়ার হোসেন (৪৫)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপনে বাড়ি ফিরতেই পরিবারের সদস্যদের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাত আনুমানিক ৩টায় উপজেলার পেন্নই গ্রামে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের ফিরোজ মেম্বারের পুত্র।
স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, বিগত সরকারের সময়ে আনোয়ার মেম্বারের এলাকায় একচ্ছত্র প্রভাব ছিল। বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের অন্য গোষ্ঠীর লোকজনের সঙ্গে তার একাধিকবার সংঘর্ষ ও মামলা-হামলার ঘটনা ঘটে। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্থানীয় প্রতিপক্ষরা আনোয়ার মেম্বারকে গ্রামছাড়া করে দেয়। প্রাণভয়ে তিনি এতদিন আত্মগোপনে ছিলেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে আনোয়ার গোপনে নিজ বাড়িতে ফিরে আসেন। কিন্তু খবরটি জানাজানি হতেই রাত ৩টার দিকে একদল ব্যক্তি তার বসতঘর ঘেরাও করে। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে হামলাকারীরা পালিয়ে যায়।
নিহতের জামাতা শফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘আমার শ্বশুর সাবেক সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের বলয়ের রাজনীতি করতেন। হামলাকারীরা মূলত সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের অনুসারী। রাতে পেন্নই গ্রামের কবির মুন্সী, জালাল ও পিন্টুর নেতৃত্বে সশস্ত্র দল ঘরে ঢুকে প্রকাশ্যে কুপিয়ে তাকে হত্যা করেছে।’
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন