প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পুষ্টিগুণসমৃদ্ধ চিয়া বীজ বর্তমানে বাংলাদেশে একটি সম্ভাবনাময় রবিশস্য হিসেবে চাষের জন্য বিবেচিত হচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, শীতকালীন আবহাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে চিয়া চাষ করা সম্ভব। সঠিকভাবে বপন ও পরিচর্যা করা হলে ৯০ থেকে ১০০ দিনের মধ্যে এ ফসল ঘরে তোলা সম্ভব।
বিশ্বব্যাপী ক্ষুদ্র দানার চিয়া বীজ পুষ্টি ও শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিচিত। দানা শস্য এবং স্বাস্থ্যকর খাদ্য হিসেবে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। চিয়া একটি বর্ষজীবী ঔষধি তৈলবীজজাতীয় উদ্ভিদ। সাধারণত গাছের উচ্চতা এক মিটার পর্যন্ত হয়ে থাকে। ফুলের রঙ নীল, বেগুনি অথবা সাদা হতে পারে এবং বীজ গোলাকার বা উপবৃত্তাকার হয়।
দুই ধরনের চিয়া বীজ
চিয়া বীজ প্রধানত দুই ধরনের, কালো ও সাদা। বেগুনি ফুল উৎপাদনকারী গাছ থেকে সাধারণত বাদামি বীজ পাওয়া যায়, যা কালো চিয়া হিসেবে পরিচিত। অন্যদিকে, সাদা ফুল উৎপাদনকারী গাছ থেকে সাদা, ধূসর এবং হলুদাভ মার্বেলযুক্ত বীজ পাওয়া যায়।
বীজ থেকেই চাষ সহজ
বীজ ও চারা উভয়ভাবেই চিয়ার বংশবিস্তার করা সম্ভব। তবে বীজ থেকে চারা উৎপাদন করা তুলনামূলকভাবে সহজ। সাধারণত বপনের ৫ থেকে ৭ দিনের মধ্যে বীজ অঙ্কুরিত হতে শুরু করে।
চিয়া চাষের জন্য ১১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনীয় হলেও ১৬ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বাধিক অনুকূল। ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় গাছ ভালোভাবে বেড়ে ওঠে। বিভিন্ন পরিবেশ ও অঞ্চলে ফসলটির জীবনচক্র ১০০ থেকে ১৫০ দিনের মধ্যে সম্পন্ন হতে পারে।
বাংলাদেশে উপযুক্ত সময় শীতকাল
বাংলাদেশের আবহাওয়ায় চিয়াকে রবিশস্য হিসেবে চাষ করা সম্ভব। শীতকাল এ ফসলের জন্য বিশেষভাবে উপযোগী। অধিক ফলনের জন্য ১৫ নভেম্বরের মধ্যে বীজ বপন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্তও বীজ বপন করা যেতে পারে। বপনের পর সাধারণত ৯০ থেকে ১০০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা সম্ভব।
কেমন মাটিতে চাষ করবেন
চিয়া বিভিন্ন ধরনের মাটিতে চাষ করা যায়। হালকা থেকে মাঝারি কাদামাটি এবং বেলে থেকে বেলে দোআঁশ মাটি এ ফসলের জন্য উপযোগী। জমি যদি ভালোভাবে নিষ্কাশনযোগ্য ও মাঝারি উর্বর হয়, তবে ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকে।
চারা স্থাপন ও বীজ বপনের সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকা প্রয়োজন। তবে গাছ পরিপক্ব হওয়ার পর অতিরিক্ত ভেজা মাটি চিয়া গাছের জন্য ক্ষতিকর হতে পারে। ফসলটি কিছুটা অ্যাসিডিক মাটি ও মাঝারি খরাও সহ্য করতে পারে।
বিঘায় ১০০ গ্রাম বীজ
সাধারণত প্রতি বিঘায় প্রায় ১০০ গ্রাম চিয়া বীজ প্রয়োজন হয়। জমি প্রস্তুতের জন্য ৩ থেকে ৪টি চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। একই সঙ্গে জমি আগাছামুক্ত রাখতে হবে।
চিয়া বীজ অত্যন্ত ছোট হওয়ায় সরাসরি বপনের সময় প্রায় ৫ কেজি শুকনো বালি বা ছাইয়ের সঙ্গে বীজ মিশিয়ে নেওয়া ভালো। এরপর সরিষা, তিল বা ডাটাশাকের মতো ৪০ থেকে ৫০ সেন্টিমিটার দূরত্বে সারি করে বীজ ছিটিয়ে দেওয়া যায়।
এ ছাড়া বীজতলায় চারা তৈরি করে ১৫ থেকে ২৫ দিন বয়সী চারা মূল জমিতে রোপণ করা যায়। এ ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব ৪০ থেকে ৫০ সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব প্রায় ২০ সেন্টিমিটার রাখতে হবে।
৬০-৮০ শতাংশ ফুলের মাথা বাদামি হলেই কাটাই
চিয়া গাছের ৬০ থেকে ৮০ শতাংশ ফুলের মাথা বাদামি বা হলুদাভ-বাদামি রঙ ধারণ করলে ফসল সংগ্রহের উপযুক্ত সময় হয়। এ সময় মাটির ওপর থেকে পুরো গাছ কেটে ত্রিপল বা পরিষ্কার মেঝেতে রেখে রোদে শুকাতে হয়।
এক থেকে দুই দিন রোদে শুকানোর পর বাঁশ বা কাঠের লাঠি দিয়ে আলতোভাবে আঘাত করলে গাছ থেকে বীজ আলাদা হয়ে যায়। পরে বীজ ঝেড়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে সংরক্ষণ করতে হয়।
চাষ পদ্ধতি ও ভৌগোলিক অঞ্চলভেদে প্রতি বিঘায় প্রায় ১৫০ থেকে ২০০ কেজি পর্যন্ত চিয়া বীজের ফলন পাওয়া যেতে পারে। ফলে, স্বল্প সময়ে উৎপাদনযোগ্য পুষ্টিকর এ ফসলটি বাংলাদেশের রবিশস্যের তালিকায় একটি সম্ভাবনাময় সংযোজন হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন