প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নদীর বুকে ভেসে বেড়ায় রংধনুর সাতটি রং, আকাশে নয়। কোথাও লাল, কোথাও হলুদ, আবার কোথাও নীল ও সবুজের অপূর্ব সমাহার দেখা যায়। দূর থেকে দেখলে মনে হবে, যেন স্বচ্ছ নদীর বুকে কেউ রংতুলির আঁচড়ে সাজিয়ে দিয়েছেন একটি জীবন্ত ক্যানভাস।
এমন বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায় দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার কানো ক্রিস্টালস নদীতে। এই নদীটি তার অপূর্ব রঙের জন্য পরিচিত ‘পাঁচ রঙের নদী’ এবং ‘তরল রংধনু’ নামে।
কলম্বিয়ার সেরানিয়া দে লা ম্যাকারেনা অঞ্চলের ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদী। চারপাশে পাহাড়, সবুজ বনভূমি এবং পাথুরে জলপ্রবাহের মাঝে নদীর তলদেশে ফুটে ওঠে নানা রঙের বিচিত্র সমাহার। কোথাও লাল রঙের বিস্তীর্ণ আভা, আবার কোথাও হলুদ, সবুজ ও নীলের মায়াবী উপস্থিতি। সব মিলিয়ে, কানো ক্রিস্টালস প্রকৃতির এক অনন্য সৃষ্টি হয়ে উঠেছে।
কিন্তু নদীর পানি এই বিচিত্র রঙের সৃষ্টি হয় কীভাবে? এর পেছনে রয়েছে ‘ম্যাকারেনিয়া ক্ল্যাভিগেরা’ নামের একটি বিশেষ জলজ উদ্ভিদ। নদীর পাথুরে তলদেশে জন্মানো এই উদ্ভিদ সূর্যের আলো, পানির গভীরতা এবং আলোর প্রতিফলনের তারতম্যে বিভিন্ন রঙে ঝলমল করে। বিশেষ করে, সূর্যের আলো উপযুক্তভাবে পড়লে উদ্ভিদটির লালচে রং আরও উজ্জ্বল হয়ে ওঠে। অন্যদিকে, শ্যাওলা এবং আশপাশের পরিবেশের কারণে কোথাও সবুজ আভা, আবার গভীর পানি ও ছায়ায় দেখা যায় নীলচে রং।
তবে বছরের সব সময় এই রঙের খেলা উপভোগ করা যায় না। সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে নদীটি সবচেয়ে বেশি রঙিন হয়ে ওঠে। এ সময় পানির স্তর ও সূর্যের আলোর অনুকূল অবস্থায় জলজ উদ্ভিদটির রং সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে। বছরের অন্য সময়ে পানির স্তর ও উদ্ভিদের অবস্থার পরিবর্তনে রঙের তীব্রতা কমে যায়।
প্রাকৃতিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখতে কানো ক্রিস্টালসে পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়। পরিবেশের ক্ষতি এড়াতে নির্দিষ্ট নিয়ম মেনে নদী ও আশপাশের এলাকায় ঘুরতে হয়। কিছু নির্দিষ্ট স্থানে সাঁতারের সুযোগ থাকলেও নদীর সব অংশে পানিতে নামার অনুমতি নেই।
প্রকৃতির এই রঙিন আয়োজন সত্যিই বিরল। আকাশের রামধনু যেমন ক্ষণিকের অতিথি, তেমনি কানো ক্রিস্টালস নদীর বুকে ফুটে ওঠা রঙের সমাহার প্রকৃতির এক বিস্ময়কর উপহার। পাহাড়, জঙ্গল এবং স্বচ্ছ পানির মাঝে এই নদী যেন প্রমাণ করে, প্রকৃতিই পৃথিবীর সবচেয়ে নিপুণ শিল্পী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন