প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : রাজধানীর বনানী থানায় চিত্র নায়িকা পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই তারিখ নির্ধারণ করেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এজন্য পরীমনি সকাল সাড়ে ১০ টার দিকে আদালতে উপস্থিত হন। পরে আদালতে এসে জানতে পারেন যে, মামলাটি আইন সংশোধন হওয়ায় ঢাকার সিএমএম আদালতে বদলী করা হয়েছে। এরপর সিএমএম আদালতে হাজিরা দেন পরীমনি। পরে বিচারক চার্জ গঠন বিষয়ের শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর দিন ধার্য করেন।
মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব (বর্তমান এসআরবি)। পরদিন ৫ আগস্ট র্যাব বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিআইডিকে লিখিতভাবে জানায়, ২০১৯-২০ অর্থবছরে পরীমনির নামে মদজাতীয় পানীয় সেবনের লাইসেন্স দেওয়া হয়েছিল, যার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তিনি মামলার অপর দুই আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেনের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বাসায় রাখতেন এবং নিজের গাড়িটি মাদক বহনের কাজে ব্যবহার করতেন। এসব মাদক রাখার বিষয়ে তিনি সন্তোষজনক জবাব দিতে পারেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন