প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
২০২৭ সালের পবিত্র হজ পালনের প্রাথমিক নিবন্ধনের সময় আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ হতে যাচ্ছে। হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা আবশ্যক। তবে কিছু শারীরিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তি এবং ১৫ বছরের কম বয়সী শিশুরা আগামী বছরের হজে অংশগ্রহণের অনুমতি পাবেন না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বরের পর হজের প্রাথমিক নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। নিবন্ধনের পর বাংলাদেশ থেকে কতজন মানুষ হজ পালনে আগ্রহী, সেই চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে প্রকাশিত এক সার্কুলারে হজে যেতে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, ব্যাংক ও সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২৭ জুলাই থেকে শুরু হওয়া হজের প্রাথমিক নিবন্ধন ২৪ সেপ্টেম্বর সমাপ্ত হবে এবং এর সময়সীমা আর বাড়ানো হবে না।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তির ভিত্তিতে, ২০২৭ সালের হজ পালনের ক্ষেত্রে ১৫ বছরের কম বয়সী শিশুরা অযোগ্য হিসেবে গণ্য হবে।
এছাড়া, দীর্ঘমেয়াদি হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। একইভাবে স্নায়বিক রোগ, গুরুতর মানসিক অসুস্থতা এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিদেরও হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন এমন ক্যানসার রোগীদের জন্যও হজে যাওয়ার অনুমতি থাকবে না। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না, যার মধ্যে যক্ষ্মা (টিবি) ও হেমোরেজিক ফিভারের মতো রোগ অন্তর্ভুক্ত রয়েছে।
গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারী এবং উচ্চঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হবে না। ফলে, তারাও ২০২৭ সালের হজে অংশগ্রহণের সুযোগ পাবেন না।
হজের প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকাদানের জন্য একটি জেলা নির্বাচন করতে হবে। পাশাপাশি, হজের ধরন ও প্যাকেজও নির্বাচন করতে হবে।
এছাড়া, হজযাত্রীর পাসপোর্টের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত থাকতে হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন শেষ হওয়ার পর সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ থেকে হজে যেতে ইচ্ছুক মানুষের চূড়ান্ত সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন