প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দায়ের করা মামলায় হাজিরা দিতে ঢাকার আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে তিনি আদালতে পৌঁছান।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় আজ অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে এই শুনানিটি হবে। পরীমনির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত এই শুনানিতে অংশগ্রহণ করবেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, মামলায় ন্যায়বিচার পাবেন পরীমনি।
এর আগে, গত ২৯ সেপ্টেম্বর মামলাটির অভিযোগ গঠনের জন্য শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। আদালত তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ হিসেবে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান পরিচালনা করে র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাবের পক্ষ থেকে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, পরীমনির বাসা থেকে জব্দ করা মাদকদ্রব্যের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এছাড়া, তদন্তে তাঁর মদজাতীয় পানীয় ব্যবহারের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়। মামলার অপর দুই আসামির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ ও তা বাসায় রাখার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
পরবর্তীতে ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। একই বছরের ১ মার্চ হাইকোর্ট তাঁর ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন। পরে উচ্চ আদালতের নির্দেশনায় মামলাটির অভিযোগ গঠন নিয়ে পুনরায় শুনানির উদ্যোগ নেওয়া হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন