প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল প্রতিহত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় সম্পূর্ণ একটি মোটরসাইকেলে ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেটিতে আগুন দেওয়ারও ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ওড়াকান্দি ইউনিয়নের তিলছাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করে কাশিয়ানী থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন এবং সহ-সভাপতি সুমন খন্দকারের নেতৃত্বে দেড় শতাধিক নেতাকর্মী ঢাকা-খুলনা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল থেকে ‘শেখ হাসিনা’ স্লোগান দেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে যায়।
বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও শেয়ার করেন।
জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচজন নিহত হওয়ার ঘটনাকে ‘গণহত্যা দিবস’ আখ্যা দিয়ে এবং নিহত ও আহতদের স্মরণে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে মিছিলের খবর পেয়ে তা প্রতিহত করতে ঘটনাস্থলে যান স্থানীয় BNP-এর নেতারা।
রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী অভিযোগ করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী বাস, মাইক্রোবাস, ইজিবাইক ও মোটরসাইকেলে করে মিছিল করছিল। আমরা কয়েকজন বিএনপির নেতাকর্মী সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা অতর্কিতে হামলা চালায়, মারধর করে এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ হামলায় রাতইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নান্নান খাকী, সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি ও হামলার ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন