প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। রবিবারের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিল পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা এবং শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ বিভিন্ন কার্যক্রম।
দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’ বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম। তিনি বক্তব্যে বলেন, দেশের সামগ্রিক পরিবর্তন সম্ভব যদি সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। সমবায়ের মাধ্যমে দেশ গড়ার অপার সম্ভাবনা রয়েছে। সমবায়ের মূলনীতি হলো সম্মিলিতভাবে এগিয়ে যাওয়া, যাতে কাউকে পিছিয়ে না রাখা হয়।
তিনি আরও উল্লেখ করেন, সমবায়ীদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে। তরুণ-তরুণীদের চাকরির আশায় বসে না থেকে নতুন উদ্যোগ গ্রহণ করতে হবে সমবায়ের মাধ্যমে। এ ক্ষেত্রে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। আলোচনা সভায় জানানো হয়, খুলনা জেলায় বর্তমানে নিবন্ধিত সমবায় সমিতির সংখ্যা ২ হাজার ১৯টি। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এর আগে শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে দিবসটির আয়োজন করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন