প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : অস্ট্রেলিয়ার মেলবোর্ন কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী অস্ট্রেলিয়ার বৃহত্তম আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’।
এই আন্তর্জাতিক প্রদর্শনীটি ১৭ থেকে ১৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের মোট ১৪টি রপ্তানিমুখী প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিচ্ছে।
এছাড়া, আরও পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে। বাংলাদেশের অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সম্ভাবনাময় রপ্তানি খাতের পণ্য প্রদর্শন করছে, যার মধ্যে রয়েছে তৈরি পোশাক, বস্ত্র ও গৃহসজ্জা সামগ্রী।
মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশী পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন ক্রেতা ও আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং আন্তর্জাতিক বাজারে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হয়েছে। এই তথ্য আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইপিবি।
এছাড়া, ইপিবির একটি পৃথক স্টলে বাংলাদেশের রপ্তানি খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রকাশনা, সাময়িকী, জার্নাল ও তথ্য-উপাত্তভিত্তিক দলিল প্রদর্শন ও বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও দর্শনার্থীদের বাংলাদেশের রপ্তানি সক্ষমতা, পণ্যের বৈচিত্র্য ও সম্ভাবনাময় রপ্তানি খাত সম্পর্কে অবহিত করা হচ্ছে।
বাংলাদেশী রপ্তানিকারকরা এই আন্তর্জাতিক বাণিজ্য মঞ্চে তাদের পণ্যের গুণগত মান, উৎপাদন সক্ষমতা, বৈচিত্র্য ও আন্তর্জাতিক বাজারের চাহিদা পূরণের সামর্থ্য তুলে ধরছেন।
প্রচলিত রপ্তানি বাজারের পাশাপাশি অস্ট্রেলিয়ার সম্ভাবনাময় বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশ ও বাজার সম্প্রসারণ এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ (বি-টু-বি) প্রতিষ্ঠা করাই এ মেলায় অংশগ্রহণের অন্যতম প্রধান উদ্দেশ্য।
এবারের প্রদর্শনীতে ২০টি দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশগ্রহণ করছে। ফলে, এটি বিশ্ববাজারের ক্রেতা, আমদানিকারক, ডিজাইনার, উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। মেলা চলাকালে বিভিন্ন দেশের ক্রেতা ও ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা, ব্যবসায়িক সংযোগ স্থাপন ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ দেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান ও বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে।
আজ বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ ও অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, মেলবোর্নে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ ও মেলার আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এছাড়া, প্রদর্শনীর ‘লার্নিং ল্যাব’-এ আয়োজিত বিশেষ সেমিনারে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা, রপ্তানি পণ্যের বৈচিত্র্য ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনে কর্মরত বাণিজ্যিক কাউন্সেলর রনি চাকমা।
এই উপস্থাপনার মাধ্যমে আন্তর্জাতিক অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদের সামনে বাংলাদেশের রপ্তানি খাতের সক্ষমতা ও বিনিয়োগ-বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরা হয়।
খাতসংশ্লিষ্টদের প্রত্যাশা, গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬-এ বাংলাদেশের এই সক্রিয় অংশগ্রহণ অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশী পণ্যের পরিচিতি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে নতুন ক্রেতা সৃষ্টি, রপ্তানি আদেশ অর্জন, ব্যবসায়িক অংশীদারত্ব প্রতিষ্ঠা ও ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণে এ প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক জোরদার ও রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণে সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন